ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মাঝ আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ও মানবিক ট্র্যাজেডি এড়িয়ে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করায় ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছারকে ‘বীর’ আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলট কর্তৃক বিমান ক্র্যাশ করানোর চেষ্টা এবং আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হওয়া সত্ত্বেও অদম্য সাহস দেখান তিনি। ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ক্যাপ্টেন স্মিত মাচ্ছার একজন বীর। চরম বিপদের মুখোমুখি হয়ে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অন্যদের জীবন রক্ষায় অপার সাহস ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছেন।’
তিনি লেখেন, ‘তার সাহসিকতা শত শত জীবন বাঁচাতে এবং একটি বড় ট্র্যাজেডি এড়াতে সাহায্য করেছে। ভারত ক্যাপ্টেন মাচ্ছারের জন্য গর্বিত।’ এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য, নতুন শক্তি ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ক্যাপ্টেন মাচ্ছারের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে কথা বলে তার এই অসামান্য সাহসিকতার প্রশংসা করেছেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে ভারতীয় মিশনগুলো এই পরিবারকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করছে।
ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাচ্ছার গত চার বছর ধরে সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন সাশ্রয়ী বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ে কাজ করছেন। এর আগে তিনি টানা ১০ বছর স্পাইসজেটে কাজ করেছিলেন। বিএমডব্লিউ টাইপ বোয়িং ৭৩৭ বহরে ১৩ বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক বিমান চালনার অভিজ্ঞতা রয়েছে তার। পেশাগত জীবনে ৯,৭৫০ ঘণ্টারও বেশি সময় বিমান ওড়ানোর অভিজ্ঞতাসম্পন্ন মাচ্ছার একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও মাচ্ছারের অসামান্য সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের অসাধারণ সাহস ও চমৎকার বিচক্ষণতা চরম বিপদের মুখেও গতকাল শত শত জীবন বাঁচিয়েছে এবং একটি বড় ট্র্যাজেডি এড়িয়েছে। তার বীরত্বকে সালাম জানাতে এবং তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে বিশ্বজুড়ে কণ্ঠ মেলানো অসংখ্য মানুষের সাথে আমিও যোগ দিচ্ছি।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ১৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে উড্ডয়ন করা ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ বিমানে সহ-পাইলট বিমানটি ধ্বংস করার চক্রান্ত করেন এবং বাধা দিতে গেলে ক্যাপ্টেন মাচ্ছারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। ঘটনাটি ঘটে যখন বিমানটি প্রায় ৩৪০০০ ফুট উঁচুতে ক্রুজ করছিল। হঠাৎ বিমানটি প্রতি মিনিটে প্রায় ২৩০০০ ফুট বেগে নিচে নামতে শুরু করে এবং প্রায় ১৫,৬০০ ফুটে নেমে আসে। তবে গুরুতর আহত অবস্থায়ও ক্যাপ্টেন মাচ্ছার সহ-পাইলটের হামলা প্রতিরোধ করেন এবং ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন, যাতে যাত্রী ও ক্রু সদস্যরা এসে হামলাকারীকে কাবু করতে পারেন।
বিমানে থাকা প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রথম সারির কয়েকজন যাত্রী সামনে এগিয়ে এসে হামলাকারীকে ককপিট থেকে সরিয়ে নিয়ে যান।
পরবর্তীতে বিমানের পেছনে বসে থাকা আরও দুজন রিলিফ পাইলট ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিমানটি নিরাপদে অবতরণ করার পর ডেন্টিস্ট পেশার এক যাত্রী আহত ক্যাপ্টেনকে জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা দেন। অবতরণের পর ক্যাপ্টেন ও হামলাকারী সহ-পাইলট উভয়কেই নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় এবং যাত্রীদের বিমানবন্দর টার্মিনালে সেবা প্রদান করা হয়। পরবর্তীতে যাত্রীরা নিরাপদে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান।


