ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম
পাইলট স্মিত মাচ্ছার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বাণিজ্যিক বিমানে দুই পাইলটের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক পাইলটের ছুরিকাঘাতে আহত হন আরেক পাইলট। ছুরিকাঘাতে আহত পাইলট হলেন ভারতের স্মিত মাচ্ছার।
ঘটনার শুরুতে বিমানটি ছিনতাই হয়েছে বলে আশঙ্কা তৈরি হয়। বিমানে কয়েক ডজন ইসরাইলি যাত্রী থাকায় তেল আবিব সতর্ক হয়ে যুদ্ধবিমানও আকাশে পাঠায়।
পরে জানা যায়, বিমানের ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং একজন অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করেন। জরুরি অবতরণের পর সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বিমানের ভেতরের রক্তাক্ত পাইলট
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানের মেঝেতে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের শরীরে রক্তাক্ত জখম ছিল। কয়েকজনকে তাদের জরুরি চিকিৎসা দিতে দেখা যায়, আর অন্যরা ককপিট পাহারা দিচ্ছিলেন।
একজনকে হিব্রু ভাষায় বলতে শোনা যায়, ‘আমরা পাইলটকে পাহারা দিচ্ছি।’
আরেক ভিডিওতে আতঙ্কিত যাত্রীদের কান্না ও চিৎকার করতে দেখা যায়। এ সময় বিমানটিও প্রচণ্ডভাবে কাঁপছিল।
ছুরিকাঘাতে আহত পাইলট ভারতীয় নাগরিক
ছুরিকাঘাতে আহত পাইলট স্মিত মাচ্ছার একজন ভারতীয় নাগরিক। তিনি ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন হিসেবে কাজ করছেন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, মাচ্ছারকে ছুরিকাঘাত করা পাইলট বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। পরে তাকে সৌদি কর্তৃপক্ষ গ্রেফতার করেছে বলেও জানান তিনি।
নেতানিয়াহু বলেন, ওই ঘটনায় যারা পরিস্থিতি সামাল দিয়েছেন, তারা অসাধারণ সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন এবং অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন ও বড় ধরনের বিপর্যয় ঠেকিয়েছেন।
কে এই স্মিত মাচ্ছার?
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, স্মিত মাচ্ছার ২০২২ সালের জুন থেকে ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন হিসেবে কাজ করছেন।
এর আগে তিনি ভারতের মুম্বাইভিত্তিক স্পাইসজেটে প্রায় ১১ বছর কাজ করেন। সেখানে তিনি সিনিয়র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের নভেম্বরে তিনি লাইন-ট্রেনিং ক্যাপ্টেন হন।
মাচ্ছারের প্রোফাইল অনুযায়ী, তার মোট ৯,৭৫০ ঘণ্টা উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে স্পাইসজেটে পাইলট-ইন-কমান্ড হিসেবে তিনি ৬,৪০০ ঘণ্টার বেশি বিমান চালিয়েছেন।
তিনি সরাসরি ক্যাপ্টেন হিসেবে ফ্লাইদুবাইয়ে যোগ দেন। সাধারণত অন্য এয়ারলাইনে ক্যাপ্টেন হিসেবে অভিজ্ঞতা অর্জন করা পাইলটদের এ ধরনের পদে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মাচ্ছারের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি রয়েছে। তবে তার পাইলট প্রশিক্ষণ সম্পর্কে প্রকাশ্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: মিন্ট


