আবাসন সংকটে উত্তাল স্পেন, বিপাকে সরকার
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
স্পেনে আবাসন সংকট ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বাড়িভাড়া বৃদ্ধি, উচ্ছেদের ঝুঁকি এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া আবাসন ব্যয়ের প্রতিবাদে রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
স্পেনে দীর্ঘদিন ধরে বাড়ছে আবাসন ব্যয় ও ভাড়া। বিশেষ করে মাদ্রিদ ও অন্যান্য বড় শহরে সাধারণ আয়ের মানুষের জন্য বাসা খুঁজে পাওয়া এবং ভাড়া বহন করা কঠিন হয়ে পড়েছে, এমন অভিযোগ আন্দোলনকারীদের।
তাদের দাবির মধ্যে রয়েছে– ভাড়া নিয়ন্ত্রণ, ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা, দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তি এবং স্বল্পমেয়াদি ও পর্যটনভিত্তিক ভাড়ার ওপর নিয়ন্ত্রণ।
শুক্রবার (২ অক্টোবর) স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি আবাসন সংক্রান্ত ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর আন্দোলনের মাত্রা আরও বেড়েছে। প্রথম ডিক্রিতে ছিল অসচ্ছল ভাড়াটিয়াদের উচ্ছেদ থেকে সুরক্ষা, ভাড়া বৃদ্ধিতে সীমা, স্বল্পমেয়াদি ও কক্ষভাড়া নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট ধরনের আবাসন বিনিয়োগের ওপর বিধিনিষেধ। দ্বিতীয় ডিক্রিতে নির্দিষ্ট পরিস্থিতিতে ভাড়ার চুক্তি বাড়ানোর ব্যবস্থা ছিল।
কিন্তু কংগ্রেসে দুটি ডিক্রিই প্রয়োজনীয় সমর্থন পায়নি। সংসদে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আন্দোলনকারীরা এখন আরও বড় কর্মসূচির কথা বলছেন।
মাদ্রিদের ভাড়াটিয়া সংগঠনের মুখপাত্র ভালেরিয়া রাকু বলেছেন, আবাসন নিয়ে সাধারণ ধর্মঘটের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে। এ বিষয়ে বড় শ্রমিক সংগঠনগুলোর সঙ্গেও আলোচনা চলছে। তবে সাধারণ ধর্মঘটের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

