‘জায়নবাদ বর্ণবাদ’, নীতি গ্রহণ করল ব্রিটেনের গ্রিন পার্টি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
জায়নবাদকে ‘বর্ণবাদের একটি রূপ’ হিসেবে ঘোষণা করে আনুষ্ঠানিক নীতি গ্রহণ করেছে ব্রিটেনের গ্রিন পার্টি। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জায়নবাদকে ‘বর্ণবাদের একটি রূপ’ হিসেবে ঘোষণা করে আনুষ্ঠানিক নীতি গ্রহণ করেছে ব্রিটেনের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) ব্রাইটনে দলের বার্ষিক সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়।
প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য। বিপক্ষে ভোট পড়ে ৮১৩টি। এর মধ্য দিয়ে ইংল্যান্ড ও ওয়েলসে গ্রিন পার্টির আনুষ্ঠানিক নীতিতে জায়নবাদকে অন্য যেকোনো ধরনের বর্ণবাদের মতো বিবেচনার বিষয়টি যুক্ত হলো।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবটি জায়নবাদকে একটি ‘জাতিগত-জাতীয়তাবাদী রাজনৈতিক প্রকল্প’ হিসেবে সংজ্ঞায়িত করে। একই সঙ্গে জায়নবাদবিরোধিতাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার বিরোধিতা করা হয়েছে।
প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতা, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার এবং ইসরাইলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা (বিডিএস) কর্মসূচির প্রতি দলের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞারও দাবি জানানো হয়েছে।
গ্রিন পার্টির এক মুখপাত্র বলেন, দলটি একটি ‘বর্ণবাদবিরোধী দল’ এবং ফিলিস্তিনি ও সিরীয় ভূখণ্ডের অবৈধ দখল হিসেবে দলটি যা মনে করে, তার বিরোধিতা করে আসছে।
এর আগে ২০২৪ সালে গ্রিন পার্টি ইংল্যান্ড ও ওয়েলসের প্রথম রাজনৈতিক দল হিসেবে ইসরাইল সরকারকে ‘অ্যাপারথেইড’ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল। তখন দলটি ১৯৭৩ সালের আন্তর্জাতিক অ্যাপারথেইড কনভেনশন এবং ১৯৯৮ সালের রোম স্ট্যাটিউটের মতো আন্তর্জাতিক আইনি কাঠামোর উল্লেখ করেছিল।
‘জায়নবাদ বর্ণবাদ’ শিরোনামের এবারের প্রস্তাবটি ‘গ্রিনস ফর প্যালেস্টাইন’ নামে একটি গোষ্ঠী উত্থাপন করে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, জায়নবাদ একটি জাতিগত গোষ্ঠীকে অন্যদের অধীনস্থ করার মাধ্যমে বিশেষ সুবিধা দেয়।
তবে প্রস্তাবটিতে স্পষ্ট করা হয়েছে, এর লক্ষ্য জায়নবাদকে রাজনৈতিক মতাদর্শ ও চর্চা হিসেবে মোকাবিলা করা; জায়নবাদে বিশ্বাসী ব্যক্তিদের ধর্মীয় বা জাতিগত পরিচয়কে লক্ষ্য করা নয়।

