দলে ফিরতে বিদ্রোহী এমপিদের ১৫ দিনের আল্টিমেটাম মমতার
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দল ছেড়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের এমপি ও বিধায়কদের ফিরে আসার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন দলের প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে না পারলে তাদের জন্য দলে আর জায়গা থাকবে না বলেও সতর্ক করেছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) উত্তর দিনাজপুরে তৃণমূলের বড় সমাবেশে মোবাইল ফোনে দেওয়া বক্তব্যে মমতা এ ঘোষণা দেন। বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গে এটিই ছিল দলের বড় শক্তিপ্রদর্শন।
মমতা বলেন, ‘আমরা যেসব এমপি ও বিধায়ককে নির্বাচিত হতে সাহায্য করেছি, তাদের অনেকেই বিশ্বাসঘাতক। তাদের এখানে কোনো জায়গা নেই। আমরা আবার ক্ষমতায় ফিরব। যারা তৃণমূল ছেড়েছেন, তারা ১৫ দিনের মধ্যে ফিরে এলে ঠিক আছে। এরপর আর তাদের জন্য এখানে কোনো জায়গা থাকবে না।’
দলের পুনর্গঠনে তৃণমূলের তৃণমূল পর্যায়ের কর্মীদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নেতারা নয়, সাধারণ কর্মীরাই দলের মূল শক্তি। ১৯৯৮ সালে যেভাবে তিনি দল গড়ে তুলেছিলেন, সেভাবেই আবার তৃণমূলকে শক্তিশালী করতে পারবেন বলেও দাবি করেন তিনি।
বক্তব্যে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হন মমতা। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে জ্ঞানেশ কুমার যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন বিজেপি ক্ষমতায় থাকবে।
একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। মমতার জানান, তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধীদের ইন্ডিয়া জোট শক্তিশালী হতে পারে না। বিজেপিকে মোকাবিলা করতে হলে তৃণমূলকে শক্তিশালী করতে হবে।
