কেপি প্রদেশে ভারত-সমর্থিত ৩ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা সূত্র সোমবার (৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
সূত্রের দাবি, নিহতরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সদস্য এবং ভারত-সমর্থিত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হত্যা করা হয়।
নিরাপত্তা সূত্র জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় কেপিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযান প্রদেশজুড়ে সন্ত্রাসী নেটওয়ার্ক দুর্বল করতে কার্যকর ভূমিকা রাখছে বলেও দাবি করা হয়েছে।
এর এক দিন আগেই ডেরা ইসমাইল খান জেলায় পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে আট সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছিল পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে ফিতনা আল-খাওয়ারিজের তিনজন গুরুত্বপূর্ণ কমান্ডারও ছিলেন বলে দাবি করা হয়।
নিরাপত্তা সূত্রের ভাষ্য, এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ওই অভিযান চালানো হয়।
পাকিস্তানে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্তপারের সন্ত্রাসী হামলা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে হামলার প্রবণতা বেশি।
পাকিস্তানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯। অর্থাৎ এক মাসে হামলা বেড়েছে প্রায় ১৩ শতাংশ। টানা তৃতীয় মাসের মতো দেশটিতে সন্ত্রাসী হামলা বেড়েছে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে কাবুলকে আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহারের সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান কর্তৃপক্ষ দেশটির নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।
