ব্রাজিলের নির্বাচনকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেললেন ট্রাম্প
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচন বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ভুল তথ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। তবে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় ভোট হবে। এতে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
ভোটের দিন নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আজ ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই একই দিনে ফলাফল প্রকাশ করা হয়েছে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তব্যে দুটি বড় ভুল রয়েছে। ওই দিন ভারতে কোনো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এমনকি ভারতের প্রেসিডেন্টও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সংসদ ও রাজ্য বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী প্রেসিডেন্ট নির্বাচন করে।
ধারণা করা হচ্ছে, ট্রাম্প ব্রাজিলের নির্বাচনকে ভারতের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। ব্রাজিলে প্রথম দফার ভোটে লুলা ও বলসোনারোর কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের হিসাবে, বলসোনারো ৫ কোটি ৬০ লাখের বেশি ভোট এবং লুলা ৫ কোটি ৩৬ লাখ ভোট পেয়েছেন।
আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে জয়ী প্রার্থী ২০২৭ সালের ৫ জানুয়ারি থেকে নতুন মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
