এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র হচ্ছে ইয়েমেনের লড়াই
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বুধবার (৭ অক্টোবর) ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মিসাইলটি আঘাত হানার কয়েক মিনিটের মধ্যেই কায়রো থেকে একটি ফ্লাইট অবতরণের কথা ছিল। হামলার আশঙ্কায় ফ্লাইটটি জেদ্দায় ঘুরিয়ে দেওয়া হয়। রানওয়েতে থাকা আরও দুটি বিমানও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোর অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার এডেন আন্তর্জাতিক বিমানবন্দর।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি হুথিদের নিয়ন্ত্রিত সানা থেকে ছোড়া হয়েছিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম শনাক্ত করা হয়েছে এবং সেটি ধ্বংস করা হবে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, কয়েকটি ড্রোন দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ বিমানবন্দরে হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
এর আগে বুধবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতের দিকে ছোড়া একটি হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
হুথি মুখপাত্র সারি আরও দাবি করেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে খামিস মুশাইতের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ আবহা বিমানবন্দরে হামলার দাবি নিশ্চিত করেনি।
এদিকে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে লড়াই তীব্র হয়ে উঠেছে। সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী সম্প্রতি হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। গত কয়েক সপ্তাহে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় হুথিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূখণ্ড দখল করার পর সরকারি বাহিনী সেগুলো পুনর্দখলের চেষ্টা করছে।

-6ac5dbeb11a31.jpg)
-6ac5dcb6721e2.jpg)