সৌদি বিমানবন্দরে হামলার নিন্দা পাকিস্তানি প্রধানমন্ত্রীর
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশটির পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। এসব হামলায় বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন।
হামলা প্রতিহত করতে সৌদি সামরিক বাহিনী ও তাদের নেতৃত্বাধীন জোটের ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে তাদের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শাহবাজ শরিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এবং কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার অটুট রয়েছে।
তিনি আরও বলেন, নিজেদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় সৌদি আরবের বৈধ আত্মরক্ষার অধিকারের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী হুথি বিদ্রোহীদের অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় পাকিস্তানের এই অবস্থান দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি আবারও সামনে এনেছে।
তথ্যসূত্র: আল জাজিরা


