‘তরুণদের দেখে ভয়ে পা কাঁপছে মোদির’
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে শনিবারের (১০ অক্টোবর) বিক্ষোভে নেতৃত্ব দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময় তিনি মোদিকে ‘তরুণদের ভয়ে আতঙ্কিত’ বলেও মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
দিল্লিতে মেট্রো চলাচল ও বিভিন্ন সড়কে বিধিনিষেধ এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন দীপকে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি একজন স্বৈরশাসক। তিনি ভয় পেয়েছেন। সে কারণেই দিল্লি মেট্রো, সড়ক- সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের তরুণদের যদি তিনি এতটাই ভয় পান, তাহলে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন কেন?’
পরে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারেও মোদি সরকারের বিরুদ্ধে সরব হন দীপকে। তিনি প্রশ্ন করেন, মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি দেশের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ করতে চান?
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দীপকের ভাষায়, ‘জ্ঞানেশ কুমার কি তাদের এতটাই প্রিয় যে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনী নামিয়ে দিতে হবে?’
তিনি আরও দাবি করেন, সরকার তরুণদের নিয়ে উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে কি-না, তা নিয়ে ভয় পাচ্ছে।
শনিবারের এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার তালিকার এসআইআর নিয়ে বিরোধীদল ও নাগরিক সংগঠনগুলোর আপত্তির মধ্যেই এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে।

