সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টাকার জন্য নিজের সন্তানকে এক দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন এক নারী। ঘটনা ধামাচাপা দিতে সাজিয়েছেন অপহরণের নাটক। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন পুলিশের হাতে। এ ঘটনায় ওই নারীসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। তাদের গ্রেফতারের বিষয়টি রোববার (১৮ অক্টোবর) জানিয়েছে পুলিশ।
কাসগঞ্জের পুলিশ সুপার ও পি সিং জানিয়েছেন, দেড় মাস বয়সি শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, বানুপুর পুকতা গ্রামের বাসিন্দা শিশুটির বাবা অরবিন্দ শনিবার অভিযোগ করার পর বিষয়টি সামনে আসে।
ফরিদাবাদের একটি কারখানায় কর্মরত অরবিন্দ পুলিশকে জানান, ১৬ অক্টোবর তার স্ত্রী তাদের ছেলের জন্য ওষুধ আনতে কাসগঞ্জে গিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, কাসগঞ্জ বাসস্ট্যান্ডে তিনি শিশুটিকে এক অপরিচিত নারীর কাছে রেখে শৌচাগারে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, সেই নারী ও শিশু—উভয়ই উধাও।
পুলিশ জানায়, পরে অভিযোগকারী জানতে পারেন, তার স্ত্রী ডা. অরুণ কুমার ও তার স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন।
সোরন থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে একটি মামলা করা হয়েছে।
পুলিশ সুপার ও পি সিংয়ের নির্দেশে পুলিশের একটি দল গত শনিবার চাঁদপুরা-গাউপুরা মোড়ের কাছে একটি যাত্রী ছাউনি থেকে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুটির মা, ডা. অরুণ কুমার, তার স্ত্রী এবং হাতরস জেলার বাসিন্দা মহিপাল ও তার স্ত্রী।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় শিশুটির মা স্বীকার করেছেন, সন্তানটির বিনিময়ে তিনি ১ লাখ ৩০ হাজার টাকা পেয়েছিলেন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল এবং ১০ হাজার টাকা নগদ নেওয়া হয়েছিল।
হাতরসের ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন, তারা ডা. অরুণ কুমার ও তার স্ত্রীর মাধ্যমে এবং শিশুটির মায়ের সম্মতিতে ২ লাখ টাকার বিনিময়ে শিশুটিকে কিনেছিলেন।
এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি

