নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ চলার মধ্যেই আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার (২১ অক্টোবর) সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সফরের অন্যতম লক্ষ্য হলো ফ্রান্সের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং তেলের ওপর নির্ভরতা কমাতে সরবরাহের উৎস বহুমুখী করা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবে হামলা বাড়ানোর পর দেশটিতে সফর করা প্রথম পশ্চিমা নেতা ম্যাক্রোঁ।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বুধবার বিকেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে সৌদি আরবে পৌঁছান ম্যাক্রোঁ।
কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি ভূখণ্ডে হুথিদের হামলার ঘটনায় দেশটির প্রতি ফ্রান্সের সংহতি প্রকাশ করা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিকল্প উৎস বাড়ানোর প্রচেষ্টা জোরদার করাই এই সফরের মূল উদ্দেশ্য।
হুথিদের হামলায় ব্যাহত সৌদির কার্যক্রম
এএফপির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুথিদের হামলা অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। এসব হামলার কারণে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া দেশটির একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলনও স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে সৌদি আরবের বন্দরগুলো অবরোধের হুথিদের প্রচেষ্টা দেশটির তেল রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রপ্তানিকারক দেশ সৌদি আরবের জন্য এ পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
ফ্রান্সের জ্বালানি নিরাপত্তাও গুরুত্ব পাচ্ছে
ম্যাক্রোঁর উপসাগরীয় সফর এমন এক সময়ে হচ্ছে, যখন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ফ্রান্সে বিক্ষোভ তীব্র হয়েছে। এতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
এই পরিস্থিতিতে দেশে ডিজেল ও পেট্রলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানির দাম কমানোর উদ্যোগ জোরদার করতে চায় ফ্রান্স সরকার। ফলে সৌদি আরবের সঙ্গে জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করার বিষয়টি ম্যাক্রোঁর সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্র: এএফপি

