নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার জেরে নরওয়ের ওপর নিজের মারাত্মক অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসংবেদনশীল ভাষায় নরওয়েকে একটি ‘জঘন্য ও অকার্যকর দেশ’ হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি সেদেশের কোনো অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আর স্থান দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে রোববার মিশিগানের পোর্ট হিউরনে এক রাজনৈতিক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব বিতর্কিত কথা বলেন ট্রাম্প। বক্তব্যকালে ফ্রান্সে সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য অভিবাসীদের দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, তিনি অন্যান্য দেশের নাগরিকদের অভিবাসনপ্রার্থী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত থাকলেও নরওয়ের কাউকেই যুক্তরাষ্ট্রে দেখতে চান না।
ট্রাম্প তার ক্ষোভের কারণ ব্যাখ্যা করে বলেন, নরওয়ের রাজধানী অসলোভিত্তিক নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। তাই তিনি নরওয়ে এবং সেদেশের নাগরিকদের থেকে দূরত্ব বজায় রাখতে চান। এর আগে চলতি মাসের শুরুর দিকেও নিজেকে নোবেল না দেওয়াকে নরওয়ের জন্য একটি ‘মুছে না যাওয়ার মতো কলঙ্ক’ বলে আখ্যা দিয়েছিলেন তিনি।
তবে ট্রাম্প জনসভায় এই বক্তব্য দিলেও, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নরওয়ের নাগরিকদের জন্য ভিসা বা অভিবাসনে কোনো দাপ্তরিক বিধিনিষেধ কিংবা নতুন নীতিমালা চালুর তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ট্রাম্প নরওয়ের পরিস্থিতি নিয়ে কটূক্তি করলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যানুযায়ী, মাথাপিছু আয়ের বিচারে নরওয়ে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। এছাড়া ২০২৬ সালের প্রথম অর্ধে দেশটির সার্বভৌম তহবিল রেকর্ড ১৮৪.৩ বিলিয়ন ডলার মুনাফা করেছে।
ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য নিয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অসলোর নোবেল কমিটি তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আরব নিউজ

