যুক্তরাজ্য
ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রবল বাতাস, ভারী বৃষ্টি আর আকস্মিক বন্যা নিয়ে যুক্তরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী ঝড় ‘বোয়েল’। তাণ্ডব চালানো এই ঝড়ের মুখে পড়ে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং চরমভাবে ব্যাহত হয়েছে দেশের সাধারণ জীবনযাত্রা। স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) রাত পর্যন্ত দেশটির প্রায় ৯০ হাজার পরিবার বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় অন্ধকারে রাত কাটিয়েছে।
ঝড়ের সময় বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েই এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কটল্যান্ডের ডামফ্রিজ এলাকায় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে ৬০ বছর বয়সি এক ব্যক্তি মারা যান। অন্যদিকে উত্তর লন্ডনে চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় প্রাণ হারিয়েছেন বিশের কোঠায় থাকা এক তরুণ। এ ছাড়া গাছ চাপা পড়ে আহত আরও দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের ওপর। এসব এলাকায় ঘণ্টার ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। স্কটল্যান্ডের কিছু এলাকায় গত দুই দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক সময়ের পুরো এক মাসের বৃষ্টির প্রায় তিন ভাগের এক ভাগ।
টানা বৃষ্টির কারণে নদী ও নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের পরিবেশ সংস্থাগুলো নিজ নিজ এলাকায় একাধিক বন্যা সতর্কতা জারি করেছে।
ঝড় ও উপড়ে পড়া গাছের কারণে যুক্তরাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। স্কটল্যান্ডের বেশ কিছু প্রধান সড়ক বন্ধ রাখতে হয়েছে এবং ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছু বিমানবন্দরে বিমানের ফ্লাইট বাতিল বা পথ পরিবর্তন করতে হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া কিছুটা শান্ত থাকলেও মঙ্গলবার থেকে আবারও নতুন করে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। সে কারণে স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় নতুন করে সতর্কবার্তা জারি রাখা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

