নেতানিয়াহুকে হটাতে আইজেনকোটের জোটে হাত মেলাচ্ছে আরব দলগুলো
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিদায়ঘণ্টা বাজার উপক্রম হয়েছে। ইসরাইলি পার্লামেন্ট নেসেটের আরব সদস্য এবং প্রধানত আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর প্রধান আহমাদ তিবি ঘোষণা দিয়েছেন যে, নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে তারা বিরোধী দলীয় ‘পরিবর্তন ব্লকের’ (চেঞ্জ ব্লক) সঙ্গে হাত মেলাতে প্রস্তুত।
নেতানিয়াহুর বর্তমান প্রশাসনকে হটাতে বিরোধী দলগুলো মিলে এই পরিবর্তন ব্লক গড়ে তুলেছে। এই জোটে রয়েছে দেশটির সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের ‘ইয়াশার’ দল, ইয়ার লাপিদের ‘ইয়েশ আতিদ’, ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’, নাফতালি বেনেটের ‘বেইয়াহাদ’ এবং অবিগদোর লিবারম্যানের ‘ইসরাইল বেইতেনু’।
বার্তা সংস্থা আনাদোলু-কে পাঠানো এক লিখিত বিবৃতিতে আহমাদ তিবি বলেন, নির্বাচনে আরব নাগরিকদের ব্যাপক উপস্থিতি জয়েন্ট লিস্টের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। পাবলিকের ঐক্যের ডাককে সাড়া দিয়ে আরব ভোটাররা প্রমাণ করেছে যে, জয়েন্ট লিস্ট এমন এক নির্ণায়ক শক্তি, যাদের বাদ দিয়ে ইসরাইলে কোনো রাজনৈতিক পরিবর্তন আনা অসম্ভব।
তিবি আরও যোগ করেন, নেতানিয়াহু ও বেন-গভিরের সরকারকে হটাতে তারা পরিবর্তন ব্লকের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আর এই প্রক্রিয়ার সূচনা হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মাধ্যমে।
এদিকে মধ্য ইসরাইলের তাইবে শহরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিবি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও নানা বাধা সৃষ্টি করে ভোটাধিকার হরণের চেষ্টা করা হয়েছিল। তা সত্ত্বেও আরব ভোটারদের কণ্ঠস্বরই ছিল সবচেয়ে জোরালো। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বেন-গভির নামের অপরাধী আর পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকতে পারবে না। তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে।
ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৮৪.৫ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে—১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুর জোট ৫৪টি আসন পেতে পারে, যা সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৬১ থেকে ৭ আসন কম। অন্যদিকে, দ্য টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বরাতে জানানো হয়েছে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লকটি পেতে চলেছে ৪৯টি আসন।
পাশাপাশি, প্রধানত আরব দলগুলো এই নির্বাচনে মোট ১৭টি আসন সুরক্ষিত করতে যাচ্ছে; যার মধ্যে আহমাদ তিবির জয়েন্ট লিস্ট একা পেয়েছে ১১টি আসন এবং ইউনাইটেড আরব লিস্ট (রাম) পেতে চলেছে ৬টি আসন। সংখ্যাতাত্ত্বিক এই সমীকরণেই পরিষ্কার যে, নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় সমাপ্ত করার চাবিকাঠি এখন এই আরব দলগুলোরই হাতে।
সূত্র: আনাদালু এজেন্সি

