জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল আমিরাত
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম
জ্বালানির দাম কমিয়েছে আমিরাত। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চার মাস পর জ্বালানি তেলের দামে স্বস্তি ফিরছে সংযুক্ত আরব আমিরাতে। নভেম্বর মাস থেকে দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার মধ্যেও এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর মাসে প্রতি লিটার সুপার ৯৮ পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ১৬ দিরহাম। অক্টোবরে এই দাম ছিল ৪ দশমিক ৪০ দিরহাম। অর্থাৎ দাম কমছে ৫ দশমিক ৫ শতাংশ।
এ ছাড়া স্পেশাল ৯৫ পেট্রলের দাম ৪ দশমিক ২৮ দিরহাম থেকে কমে ৪ দশমিক ০৪ দিরহাম হচ্ছে। এতে দাম কমবে ৫ দশমিক ৬ শতাংশ।
সবচেয়ে বেশি কমছে ই-প্লাস ৯১ পেট্রলের দাম। প্রতি লিটারে ৫ দশমিক ৭ শতাংশ কমে এর নতুন দাম দাঁড়াচ্ছে ৩ দশমিক ৯৭ দিরহাম। অক্টোবরে এই জ্বালানির দাম ছিল ৪ দশমিক ২১ দিরহাম।
অন্যদিকে, ডিজেলের দাম ১ শতাংশ কমিয়ে প্রতি লিটার ৪ দশমিক ৭৫ দিরহাম নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে এর দাম ছিল ৪ দশমিক ৮০ দিরহাম।
তবে নভেম্বরের এই মূল্যহ্রাসের পরও আমিরাতে জ্বালানির দাম গত ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল।
২০১৫ সাল থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমিরাতে জ্বালানির দাম নির্ধারণ করা হয়। ফলে বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার প্রভাব পড়ে দেশটির খুচরা বাজারেও।
এদিকে, অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। পুরো মাসে দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ১২ ডলারে পৌঁছায়।
এর আগে বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, নভেম্বরেও আমিরাতে জ্বালানির দাম বাড়তে পারে। দুবাইভিত্তিক ক্বামার এনার্জির পরামর্শক আহমেদ জাহির বলেন, ভূরাজনৈতিক ঝুঁকি ও পরিবহন ব্যয় বৃদ্ধি তেলের দাম বাড়াতে সহায়তা করছে। তবে সরবরাহ স্থিতিশীল থাকা, চাহিদা কমে যাওয়া এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তেলের দাম আরও বাড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

-6ae6b65929f62.jpg)