যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ, দিলেন ট্রাম্পকে খোঁচা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
মুসলিম সিনেটর হলেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে এই ইতিহাস গড়েন তিনি।
নির্বাচনের ফল নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর পূর্বাভাসে তার জয় নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে। খবর আনাদুল এজেন্সির
চিকিৎসক ও জনস্বাস্থ্যবিষয়ক সাবেক কর্মকর্তা এল-সায়েদ ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মনোনয়ন পান। অবসর নিতে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
তার নির্বাচনি প্রচারে মুসলিম পরিচয় বড় ইস্যু হয়ে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান নেতারা বারবার তার ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণ করেন। তবে উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেন এল-সায়েদ।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে ট্রাম্পের জয় পাওয়া অঙ্গরাজ্য মিশিগান থেকেই সিনেটর নির্বাচিত হলেন তিনি। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে দায়িত্ব নেবেন এল-সায়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে দায়িত্ব পালনের নজির গড়বেন তিনি।
‘খারাপ লোকেরা হেরেছে, আমরা জিতেছি’
বুধবার ভোরে নিজের বিজয় উদ্যাপনে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন এল-সায়েদ। এ সময় ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মিশিগানের মানুষ তাকে যে উদারতা, মুক্তচিন্তা, দৃঢ়তা ও আন্তরিকতা দেখিয়েছেন, সিনেটে দায়িত্ব পালনের সময় তিনিও সেই গুণাবলি নিয়ে তাদের সেবা করতে চান।
নিজের প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে উদ্দেশ করে এল-সায়েদ বলেন, ‘তাদের জানিয়ে দিও, খারাপ লোকেরা হেরেছে। আমরা সবাই মিলে আরও বড় কিছুর জন্য লড়াই করে জিতেছি। আমরা জিতেছি! মাইক, এবার অবসর উপভোগ করো।’
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও খোঁচা দেন তিনি। জানুয়ারিতে নতুন সিনেটরদের শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্বের প্রসঙ্গ টেনে এল-সায়েদ বলেন, ‘এটা বেশ মজার বিষয় যে সংবিধান অনুযায়ী জানুয়ারিতে আপনাকেই আমাকে শপথ পড়াতে হবে।’
এরপর ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ডোনাল্ড, আমি জানি, আমার নাম উচ্চারণ করতে তোমার বেশ কষ্ট হয়েছে। তাই জানুয়ারিতে জেডি আমাকে শপথ পড়ানোর পর তুমি আমাকে শুধু সিনেটর বলেই ডাকতে পারো।’


