নির্বাচনে হারের পর হেগসেথকে সরাচ্ছেন ট্রাম্প?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদে রাখা উচিত কি না, তা নিয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায় কি না, তা নিয়ে উপদেষ্টাদের কাছে জানতে চাইছেন ট্রাম্প।
মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয়ের পর হোয়াইট হাউসের কর্মকর্তারা আশঙ্কা করছেন, নির্বাচনে বিপর্যয়ের দায় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপরও পড়তে পারে। বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনায় পরামর্শ ও দিকনির্দেশনার জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সমালোচনার মুখে পড়তে পারেন বলে মনে করছেন তারা।
এদিকে হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নাম আলোচনায় এসেছে বলে জানিয়েছে সূত্রগুলো। তাদের ধারণা, গভর্নর হিসেবে তার মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগে অন্তর্বর্তী সময়ের মধ্যেই মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে বুধবার প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, হেগসেথ ‘খুব ভালো কাজ করছেন’।
একই দিন হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও প্রতিরক্ষামন্ত্রীর প্রতি প্রেসিডেন্টের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে।’

-6aeb814eab859.jpg)
