আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আরব উপসাগরে তেল পণ্যবাহী একটি ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির এক নাবিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ট্যাংকারটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান।
এমটি ভেলোস নামের ট্যাংকারটি বাহরাইনের উদ্দেশে যাওয়ার পথে হামলার শিকার হয়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, হামলায় তাদের একজন নাবিক গুরুতর আহত হন এবং একপর্যায়ে নিখোঁজ হয়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এই ঘটনায় একজন নাবিক ছাড়া জাহাজের অন্য কোনো ক্রু সদস্য আহত হননি।
হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পাশাপাশি এ ঘটনায় সমুদ্রের পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঘটনার পর ট্যাংকারটি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে গিয়ে নোঙর করে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত শুরু করা হবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির বাইরের কাঠামোর কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটিও পরীক্ষা করে দেখা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করার অভিযোগও উঠেছে। তবে বাহরাইনগামী এমটি ভেলোস ট্যাংকারে চালানো সর্বশেষ হামলায় ইরানি সেনারা জড়িত কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স

