অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ।
রোববার (৮ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানান, অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে। এর আগে শনিবার জাকাতেকাস ও সান লুইস পোটোসি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গাড়িতে ভ্রমণের সময় সশস্ত্র ব্যক্তিরা তার গাড়ির গতিরোধ করে। পরে তাকে অপহরণ করা হলেও গাড়িতে থাকা অন্যদের ছেড়ে দেওয়া হয়।
রাজ্যটির নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আলমারাজের স্বজনেরা সান লুইস পোটোসি রাজ্যের একটি শহরে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে।
মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তসংলগ্ন তামাউলিপাস রাজ্যের রিও ব্রাভো পৌরসভার মেয়র। প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের বসবাস এ শহরে। যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে শহরটির দূরত্ব প্রায় ১১ কিলোমিটার।
২০১৫ সালে অর্থপাচারের অভিযোগ থেকে খালাস পান আলমারাজ। এর আগে ছয় বছর কারাভোগ করেছিলেন তিনি। রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির সদস্য হলেও একসময় বামপন্থি পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভল্যুশনের সঙ্গে যুক্ত ছিলেন।
কেন তাকে অপহরণ করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
জাকাতেকাস রাজ্যে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানকারী গোষ্ঠীগুলোর তৎপরতা ও সহিংসতা চলছে। বিশেষ করে জালিসকো নিউ জেনারেশন কার্টেল ও সিনালোয়া কার্টেলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে সংঘাতের ঘটনা ঘটছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে বেসামরিক মানুষ ও রাজনীতিবিদদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
