হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছের একটি অভিজাত এলাকায় বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একটি জিমের ভেতরে গুলিবিদ্ধ হয়ে ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির
হামলার পর সন্দেহভাজন ব্যক্তি একটি ভবনের সপ্তম তলায় অবস্থান নিয়েছেন। তাকে আটক করতে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ ও বিশেষ নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরে লোগান সার্কেল এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ নম্বর সড়কের বড় একটি অংশ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখা হয়েছে।
ঘটনাস্থলের আশপাশে রয়েছে ভিদা ফিটনেস সেন্টার, সেন্ট লুকস এপিস্কোপাল চার্চ, কয়েকটি আবাসিক ভবন এবং একটি হোল ফুডস সুপারমার্কেট। সন্দেহভাজনকে ধরতে সোয়াট টিমসহ পুলিশের একাধিক দল অস্ত্র নিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ ও নিচতলায় অবস্থান নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে জিমের ভেতরে একজনকে গুলি করেন সন্দেহভাজন ব্যক্তি। এরপর বাইরে বেরিয়ে আরও গুলি চালান তিনি। পরে একটি পার্কিং গ্যারেজের লিফটে আরেকজনকে গুলি করে কাছের একটি ভবনের সপ্তম তলায় গিয়ে নিজেকে অবরুদ্ধ করেন।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৮টার দিকে গুলির শব্দ শোনার সময় জিমের ভেতরে প্রায় ৫০ জন মানুষ ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, কয়েক সেকেন্ডের মধ্যেই একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। জিমের আরেক সদস্য তাকে বাঁচানোর চেষ্টা করলেও গলায় গুলিবিদ্ধ ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার তদন্তে স্থানীয় পুলিশকে সহযোগিতা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ওয়াশিংটন ফিল্ড অফিস। পাশাপাশি ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের (এটিএফ) কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
উল্লেখ্য, লোগান সার্কেল এলাকায় এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডজ) সাবেক এক সদস্য ও এক নারী সেখানে ছিনতাইকারীদের হামলার শিকার হন। ওই ঘটনার কয়েক দিন পর ট্রাম্প স্থানীয় কর্তৃপক্ষের ক্ষমতা পাশ কাটিয়ে ওয়াশিংটন ডিসির নিয়ন্ত্রণ নেন এবং অপরাধ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। সেই মোতায়েন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
