ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম
ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে জাতিসংঘ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিষদের ১৫ সদস্যের সবাই প্রস্তাবটির পক্ষে ভোট দেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইয়েমেনের নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আর্থিক লেনদেন ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
একই সঙ্গে ইয়েমেনের কয়েকজন ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবে হুথি বিদ্রোহীদের সামুদ্রিক হামলা, সৌদি আরবে আন্তসীমান্ত হামলা এবং বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির নিন্দা জানানো হয়েছে।
এ ছাড়া নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও এ বিষয়ে প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদও বাড়ানো হয়েছে। যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এতে প্রায় ১২ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন।
২০২২ সালের এপ্রিল থেকে দেশটিতে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, নতুন করে সংঘাত শুরুর ফলে তার অবসান ঘটে। চলমান লড়াই ও মানুষের বাস্তুচ্যুতির কারণে ইয়েমেনের মানবিক সংকট আরও গভীর হয়েছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশটির বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। এর জবাবে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে।
এরপর থেকে দেশটিতে সংঘাত, বাস্তুচ্যুতি ও মানবিক সংকট অব্যাহত রয়েছে।

-6af68c5a4f300.jpg)
