Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল জাজিরার বিশ্লেষণ

ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পরও নানা মন্তব্যে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় করা অর্থ দেশটির কাছ থেকে সামরিক সুরক্ষা পাওয়া মিত্রদের কাছ থেকে আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের যে অর্থ ব্যয় হয়েছে, তা সংশ্লিষ্ট দেশগুলোকে পরিশোধ করতে হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে নির্বাচনে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে ইরান যুদ্ধ নিয়ে জনমনে তৈরি হওয়া অসন্তোষের কথা স্বীকার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সিবিএস নিউজের সংবাদদাতা রস ডাউথ্যাটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধের কারণে আমাদের যা খরচ হয়েছে, তার সবই ওইসব দেশকে পরিশোধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সব অর্থ ফেরত নেব। তারা অবশ্যই তা দেবে, শতভাগ। কারণ আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ না করলে ইসরাইলের অস্তিত্বও হুমকির মুখে পড়ত।

কোন কোন দেশের কাছে ক্ষতিপূরণ চান ট্রাম্প?

যুদ্ধের ব্যয়ভার বহনের প্রসঙ্গে এবারই প্রথম সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করেছেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করেছে। ওয়াশিংটন সামরিক পদক্ষেপ না নিলে ইসরাইল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত।

এর আগে হরমুজ প্রণালি ঘিরে মার্কিন সামরিক উপস্থিতির সুবিধা পাওয়া উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও যুদ্ধের খরচ আদায়ের কথা বলেছিলেন তিনি। ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী কাজ করছে।

গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম ধনী একটি অঞ্চলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করছে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার খরচ ওয়াশিংটনকে ফিরিয়ে দেওয়া উচিত।

এ ক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেন তিনি।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত?

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এই হিসাবের বাইরে থাকায় প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিসের এক হিসাব অনুযায়ী, যুদ্ধ যত দিন চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হবে।

মিত্রদের কাছ থেকে কি সত্যিই ক্ষতিপূরণ আদায় করবেন ট্রাম্প?

বিশ্লেষকদের ধারণা, মিত্র দেশগুলোর কাছ থেকে সরাসরি যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করার সম্ভাবনা খুবই কম। তাদের মতে, ট্রাম্পের এমন বক্তব্যকে বাস্তব নীতিগত সিদ্ধান্তের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা উচিত।

চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যকে নীতিগত প্রস্তাব হিসেবে না দেখে রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করা উচিত।

কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বাদের আল-সাইফের মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের এমন বক্তব্যকে খুব একটা গুরুত্ব দেবে না।

অন্যদিকে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক স্টেফান লুকাস মনে করেন, নির্বাচনে পরাজয়ের পর দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প। তার সাম্প্রতিক বক্তব্যও সেই প্রচেষ্টার অংশ।

লুকাস বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের কাছ থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা খুবই কম।

তবে ইসরাইলের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করেন তিনি। সরাসরি ক্ষতিপূরণ দাবি না করলেও দেশটির প্রতি মার্কিন সহায়তা কমিয়ে দিতে পারেন ট্রাম্প। ইতোমধ্যে তিনি জানিয়েছেন, চলতি বছরের পর ইসরাইলকে আর কোনো সহায়তার অর্থ পাঠাবে না ওয়াশিংটন।

লুকাসের মতে, ট্রাম্প মনে করেন, ইসরাইলই তাকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে বাধ্য করেছে।    

কীভাবে আদায় হতে পারে যুদ্ধের ব্যয়?

বিশ্লেষকদের ধারণা, ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে সরাসরি অর্থ দাবি না করে বিকল্প কৌশল নিতে পারেন ট্রাম্প। এর মধ্যে মিত্র দেশগুলোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি এবং যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতিবিষয়ক সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদের মতে, উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রে আরও বেশি বিনিয়োগের জন্য চাপ দিতে পারে ওয়াশিংটন। পরে এসব বিনিয়োগকেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে উপস্থাপন করা হতে পারে।

এর আগেও বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর দাবি করেছেন ট্রাম্প। অনেক সময় এসব বিনিয়োগকে যুক্তরাষ্ট্রকে দেওয়া অর্থ কিংবা উপহার হিসেবে তুলে ধরেছেন তিনি।

ট্রাম্পের দাবিতে মিত্রদের প্রতিক্রিয়া কী হতে পারে?

উপসাগরীয় দেশগুলোর দাবি, ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি। এরই মধ্যে যুদ্ধের কারণে এসব দেশ বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে তাদের কাছে আবারও বিপুল অর্থ দাবি করা হলে বিষয়টি ভালোভাবে নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চ্যাথাম হাউসের নিল কুইলিয়াম বলেন, উপসাগরীয় নেতাদের কাছে সরাসরি ক্ষতিপূরণ দাবি করা হলে তারা সম্ভবত নীরবে এর বিরোধিতা করবেন।

তিনি বলেন, প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

ইরান ইস্যু বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি দমনে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

কিউবায় সামরিক আগ্রাসনের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মার্কিন রাডারে হামলার দাবি ইরানের

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

আরও পড়ুন

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

আল জাজিরার বিশ্লেষণ ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোকে চাপ দেবেন ট্রাম্প, কতটা কার্যকর হবে?

ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ

ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ

টয়লেট পরিষ্কার থেকে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য, এক নজরে জেনসেন হুয়াংয়ের উত্থান-পতন

টয়লেট পরিষ্কার থেকে সাড়ে ৪ ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য, এক নজরে জেনসেন হুয়াংয়ের উত্থান-পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম