Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচ। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীরা যখন উঠেপড়ে লেগেছে, তখন সবার নজর তার সরকারের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর দিকে। তারা হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। গাজায় যুদ্ধ এবং প্রতিবেশী দেশগুলোতে হামলার পক্ষে ইসরাইলের প্রায় সব নেতা একমত হলেও, আন্তর্জাতিক মহল ও পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন এই দুই মন্ত্রী।

সম্প্রতি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নিয়ে নেতানিয়াহুর নতুন ঐক্য সরকার গঠনের গুঞ্জন উঠলে স্মোট্রিচ ও বেন-গভির এর তীব্র বিরোধিতা করেন। বেন-গভির সাফ জানিয়ে দিয়েছেন, ইসরাইলকে বাঁচাতে নেতানিয়াহুকে হয় তাকে, নয়তো আইজেনকোটকে বেছে নিতে হবে। অন্যদিকে, স্মোট্রিচ তার মিত্র দলগুলোকে সতর্ক করে বলেছেন, আইজেনকোটের সঙ্গে হাত মেলালে নেতানিয়াহুকে সরানোর পর তিনি তাদের ছুড়ে ফেলে দেবেন।

২০২২ সালে উগ্র ডানপন্থি দলগুলোর সাথে জোট বেঁধে সরকার গঠন করেন নেতানিয়াহু। সেই সুবাদে স্মোট্রিচ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পশ্চিম তীরের প্রশাসনিক ক্ষমতা পান এবং বেন-গভির পান জাতীয় নিরাপত্তার দায়িত্ব। গত তিন বছরে তারা নিজেদের চরমপন্থী আদর্শ অনুযায়ী মন্ত্রণালয়গুলোকে সাজিয়েছেন। গাজায় ত্রাণ বন্ধ রাখা ও সাধারণ মানুষ হত্যার চাপে নেতানিয়াহু যখনই কিছুটা নমনীয় হতে চেয়েছেন, তখনই তারা সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। তারা প্রকাশ্যেই গাজা দখল এবং সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার দাবি জানিয়ে আসছেন। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে ২০২৫ সালের জুনে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় এবং বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সম্পদ জব্দ করে।

বিশ্লেষকদের মতে, সরকার থেকে বাদ পড়লে এই দুই নেতার ওপর দুই রকম প্রভাব পড়বে। গবেষক আরি পার্লিগার মনে করেন, বেন-গভিরের রাজনীতি মূলত মাঠ গরম করা বক্তব্যের ওপর নির্ভরশীল, তাই বিরোধী দলে থাকলে তিনি আরও বেশি সুবিধা পাবেন। কিন্তু স্মোট্রিচ কাজ করেছেন সরকারি ক্ষমতা ও বাজেট ব্যবহার করে। তিনি আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি করে পশ্চিম তীরে বসতি বাড়িয়েছেন এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। তাই ক্ষমতা হারালে স্মোট্রিচই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

তবে এই দুই মন্ত্রী ক্ষমতা হারালেও প্রশাসনে তারা যে পরিবর্তন এনেছেন, তা বদলানো খুব কঠিন হবে। বেন-গভির পুরো পুলিশ বাহিনীকে নিজের আদর্শে সাজিয়েছেন, ফিলিস্তিনি বন্দিদের ওপর কঠোর নির্যাতনমূলক নিয়ম চালু করেছেন এবং শুধু ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাসে ভূমিকা রেখেছেন। বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের ভেতরে তারা যে লোকবল ও নিয়ম বসিয়ে গেছেন, তা পাল্টানোর মতো রাজনৈতিক সদিচ্ছা পরবর্তী সরকারের থাকবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তাছাড়া ইসরাইলের প্রায় ১০ শতাংশ ভোটারের সমর্থন এই দলগুলোর পেছনে রয়েছে, যা সহজে কমবে না।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নেতানিয়াহুর এই জোটের কারণে ইসরাইলি সমাজে ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। গাজায় ৭৪ হাজারের বেশি মানুষের মৃত্যু, ইসরাইলের ভেতরে ফিলিস্তিনি এলাকাগুলোতে অপরাধ বেড়ে যাওয়া এবং পশ্চিম তীরে সহিংসতা নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। সাবেক ফিলিস্তিনি পার্লামেন্ট সদস্য আইদা তুমা-সুলেইমানের মতে, এখন রাস্তায় বা বাসে আরবি ভাষায় কথা বলতেও মানুষ ভয় পায়। নেতানিয়াহু ও তার সঙ্গীরা বর্ণবাদকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে, ফিলিস্তিনিদের ঘৃণা করাটাই এখন ইসরাইলে দেশপ্রেমের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

নেতানিয়াহুকে কেন ‘বর্ণবাদী’ বললেন আইজেনকোট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুকে একহাত নিলেন আইজেনকট

ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুকে একহাত নিলেন আইজেনকট

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ইরানে হামলায় ট্রাম্পকে রাজি করাতে যুক্তরাষ্ট্রে মোসাদপ্রধান?

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ফিলিস্তিনি দুই ভাইকে নিজেদের বাড়ি ভাঙতে বাধ্য করল ইসরাইল

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

আরও পড়ুন

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

মার্কিন অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম