Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ এএম

মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

Advertisement

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যেন থামছেই না। প্রতিদিনই দেশটির বিভিন্ন রাজ্যে পরিচালিত হচ্ছে অভিযান। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণস্থল কোথাও বাদ যাচ্ছে না তল্লাশি। এমনকি অভিযানের হাত থেকে বাঁচতে খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হচ্ছে না বিদেশিদের। কর্মকর্তারা লুকানোর জায়গা শনাক্ত করে সেখান থেকেই আটক করছেন তাদের।

চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ পরিসংখ্যান প্রকাশ করেছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

সর্বশেষ ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া তথ্যে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিযানের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮০৮টিতে এবং আটক অভিবাসীর সংখ্যা ৭০ হাজার ১৯৫ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। প্রতিদিন গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন।

এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের পৃথক তিনটি অভিযানের মাধ্যমে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের সরকারি সামাজিক মাধ্যমে প্রকাশিত অভিযানের ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক নিজেদের আড়াল করতে বিভিন্ন সংকীর্ণ জায়গায় আশ্রয় নিয়েছেন। তাদের একজন খাটের নিচে লুকিয়ে ছিলেন। তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা তার অবস্থান শনাক্ত করে সেখান থেকেই বের করে আনেন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় মোট ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় ৩৪ জনকে।

বিভাগটির বিবৃতিতে জানানো হয়, আমপাং এলাকায় কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে আটজন মিয়ানমারের নাগরিক এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক রয়েছেন। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

এ ছাড়া অভিযানে একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ (জেএআইএস), রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের (এমবিএসএ) কর্মকর্তারাও অংশ নেন।

সেখানে অনুমোদন ছাড়াই জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সেখানে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা পাননি।

বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি এবং কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে অভিবাসন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে সামাজিক মাধ্যমের মন্তব্যের ঘরে না লিখে অভিবাসন বিভাগের নির্ধারিত সরকারি মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার চালু রেখেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০)। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

যেসব বিদেশি নাগরিকের বৈধ পাস বা অনুমতিপত্র নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন, তারা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হয়। প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিটও জমা দিতে হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

অভিবাসন বিভাগ জানিয়েছে, স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুযোগ চালু থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ থাকবে না। বরং দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি অব্যাহত থাকবে।

ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান কিংবা অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করলে যে কোনো সময় আটক হওয়ার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ডিসেম্বরের আগেই কর্মী যাবে মালয়েশিয়ায়

ডিসেম্বরের আগেই কর্মী যাবে মালয়েশিয়ায়

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

আরও পড়ুন

মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

ক্যালকুলেটর ব্যবসায়ী থেকে যেভাবে বিলিয়নিয়ার হলেন তিনি

ক্যালকুলেটর ব্যবসায়ী থেকে যেভাবে বিলিয়নিয়ার হলেন তিনি

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম