Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৫০ হাজার নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই দেশটির সামরিক বাহিনীর সদস্য। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। গত আগস্ট পর্যন্ত সময়ের হিসাব ধরে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে চার হাজারের বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, কলম্বিয়া ও নাইজেরিয়ার নাগরিকও রয়েছেন, যারা রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১ নভেম্বর বেলারুশের সাইবার পার্টিজানস ও ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের নেটওয়ার্কে প্রবেশের দাবি করে এসব নথি প্রকাশ করে। পরে কয়েকটি সংবাদমাধ্যমের কাছে তথ্যগুলো সরবরাহ করা হয়।


অন্যদিকে রসস্ট্যাট জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের ওপর সাইবার হামলা হয়েছিল। তবে সংস্থাটি দাবি করেছে, তাদের তথ্যভান্ডার থেকে কোনো সুরক্ষিত তথ্য চুরি বা ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধান বলছে, মৃত্যুর তথ্য নিবন্ধনে কয়েক মাস, এমনকি কয়েক বছরও সময় লাগতে পারে। বিলম্বে নিবন্ধিত মৃত্যুর হিসাব যুক্ত হলে গত আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে পৌঁছাতে পারে। ফাঁস হওয়া নথিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মৃত্যুকে সরাসরি যুদ্ধসংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া যুদ্ধে অংশ নেওয়ার বয়সী আরও ৪২ হাজার পুরুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের মরদেহ উদ্ধার না হলেও আদালতের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে সম্মুখযুদ্ধের এলাকায় বা এর কাছাকাছি নিহত আরও ১২ হাজার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা অন্তত ৪ লাখ ৫০ হাজার বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে আভদিভকা ও পোকরভস্ক অঞ্চল ঘিরে। এসব এলাকায় প্রায় ১ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া বাখমুত এলাকায় নিহত হয়েছেন আরও প্রায় ৪৮ হাজার।

২০২৪ সালে আভদিভকা দখলের পর রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের কয়লাখনিসমৃদ্ধ শহর পোকরভস্কের দিকে অগ্রসর হয়। দীর্ঘ লড়াইয়ের পর ২০২৬ সালের শুরুতে শহরটি দখল করে রাশিয়া। অন্যদিকে, ২০২৩ সালের মে মাসে রুশ বাহিনী ও ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনারের হাতে বাখমুতের পতন ঘটে।

যুদ্ধে নিহত রুশ সেনাদের বয়সও বেড়েছে। যুদ্ধের প্রথম বছরে নিহতদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। এ বয়সসীমার প্রায় ১ লাখ ৫৮ হাজার পুরুষ নিহত হয়েছেন।

রাশিয়ার অপেক্ষাকৃত দরিদ্র ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রাণহানির হার বেশি বলে প্রতিবেদনে উঠে এসেছে। সাইবেরিয়ার বুরিয়াত জনগোষ্ঠীর বসবাস বেশি এমন জাবাইকালস্কি অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। অঞ্চলটির প্রতি ৮০ জনে একজনের মৃত্যুর সমান এই সংখ্যা।

এ ছাড়া বাশকোর্তোস্তান অঞ্চলে নিহতের সংখ্যা প্রায় ১৫ হাজার ৮০০। অঞ্চলটিতে বাশকির ও ভলগা তাতারসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের হিসাবে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বিদেশি নাগরিকত্বধারী অন্তত ৪ হাজার ১৪১ জন নিহত হয়েছেন। তবে ব্লুমবার্গের হিসাবে, রাশিয়ার বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা ১১ হাজার ৩৩৫।

নিহত বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের নাগরিক ৮০৭ জন এবং তাজিকিস্তানের ৫৯৮ জন। এ ছাড়া ৪৪ জন নেপালি ও ৯৮ জন কলম্বীয় নাগরিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ নাগরিকও প্রাণ হারিয়েছেন।

বিদেশিদের রুশ বাহিনীতে যোগ দেওয়ার অন্যতম কারণ অর্থের প্রলোভন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অনেককে রাশিয়ায় ভালো বেতনের বেসামরিক চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়।

অনলাইন চাকরির বিজ্ঞাপন ও স্থানীয় নিয়োগকারী এজেন্টদের মাধ্যমে বিদেশিদের প্রলুব্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি। কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, দেশটির এক হাজারের বেশি নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাসে প্রায় ২ হাজার ৭১৫ ডলার বেতন এবং সর্বোচ্চ ৯ হাজার ৩০৯ ডলার বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তবে ইউক্রেনে যুদ্ধ করতে কাউকে জোর করা হচ্ছে না বলে দাবি মস্কোর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

পারমাণবিক উত্তেজনা, বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-শি

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

৫ মিলিয়ন ডলারে বিক্রি হলো রুশ রাজপরিবারের ব্রেসলেট!

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

রসস্ট্যাটের নথি ফাঁস ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করল ইতালি

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২ সেনাসহ নিহত ১০

ইরাকে তেল চোরাচালানের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ বরখাস্ত ৯

ইরাকে তেল চোরাচালানের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ বরখাস্ত ৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম