ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের সঙ্গে লড়াইয়ে নামছে ডেমোক্র্যাটরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের সঙ্গে চলমান এই ব্যয়বহুল যুদ্ধের অবসান ঘটাতে এবার সরাসরি রিপাবলিকান প্রশাসনের মুখোমুখি হতে চলেছেন মার্কিন ডেমোক্র্যাটরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয়ের পর তারা এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে এক আক্রমণাত্মক কৌশল নিয়ে মাঠে নেমেছেন। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে এবং এই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘটাতে তারা কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে হোয়াইট হাউসকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন যে এই সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে এবং যুদ্ধ প্রায় শেষের পথে। ট্রাম্প প্রশাসন এখনো ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ ধরে রেখেছে এবং কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। কোনো ধরনের আপস ছাড়াই পূর্ণ বিজয় অর্জনে অনড় রয়েছে হোয়াইট হাউস।
অন্যদিকে, সাধারণ মানুষের জীবনযাত্রার চড়া খরচ কমানো এবং এই যুদ্ধ থামানোর তাগিদ থেকে ডেমোক্র্যাটরা এখন সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। ট্রাম্পের এই অনমনীয় নীতির মোকাবিলা করতে ডেমোক্র্যাটরা মূলত তিনটি কৌশল সাজিয়েছেন। প্রথমত, কংগ্রেসে আইন পাস করে যুদ্ধ থামানোর আনুষ্ঠানিক চেষ্টা। তবে ট্রাম্পের ভেটো ক্ষমতা থাকায় এবং এর জন্য দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হওয়ায় এই পথে সফলতা পাওয়া বেশ কঠিন। দ্বিতীয়ত, সংসদীয় তদন্ত ও কড়া নজরদারির মাধ্যমে প্রশাসনকে চাপে রাখা। আর তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটি হলো সরকারের বাজেট বা তহবিল বরাদ্দের নিয়ন্ত্রণ।
রাজনীতিতে যাকে ‘পাওয়ার অব দ্য পার্স’ বলা হয়, সেই বাজেট পাসের চাবিকাঠিকে ব্যবহার করেই ইরান যুদ্ধের আর্থিক রসদ আটকে দিতে চান ডেমোক্র্যাটরা। তবে এই কৌশল যেমন কার্যকরী, তেমনই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাজেট নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াল শেষ পর্যন্ত সাধারণ সরকারি চাকরিজীবী ও জনকল্যাণমূলক কাজ ব্যাহত হতে পারে। পাশাপাশি, এই সুযোগে হোয়াইট হাউস ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলারও সুযোগ পাবে।
হরমুজ প্রণালির অচলাবস্থা, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং ওয়াশিংটনের অন্দরে এই ক্ষমতার দ্বন্দ্ব এখন বৈশ্বিক রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। সামনে নতুন কংগ্রেসের পূর্ণ কার্যক্রম শুরু হলে ইরান যুদ্ধ থামানোর এই লড়াইয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের স্নায়ুযুদ্ধ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
সূত্র: দ্য ইকোনমিস্ট

