Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

Advertisement

দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। এমনকি নিজের পণ্যকে ভালো বলার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। ক্রেতাদের কেনাকাটার অভ্যাস নিয়েও করেন ঠাট্টা। অথচ তার দোকানের সামনেই প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক ব্যতিক্রমী বিক্রেতাকে ঘিরে এমনই উন্মাদনা তৈরি হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সিউলের নামদেমুন বাজারের এই বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন ‘স্কার্ফ ম্যান’ নামে। তার অদ্ভুত বিক্রির কৌশল এখন রীতিমতো ভাইরাল। পণ্য কেনার জন্য ক্রেতাদের উৎসাহিত করার বদলে তিনি উল্টো তাদের নিরুৎসাহিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে ক্রেতাদের বলতে শোনা যায়, ‘আপনারা কি এখানে এসেছেন এটা না জেনেই যে আমরা শুধু বাজে জিনিস বিক্রি করি? আপনারা কি কুকুরের ঘরের জন্য স্কার্ফ কিনতে এসেছেন?’


কখনো ক্রেতাদের আবদারে বিরক্তি প্রকাশ করেন, কখনো তাদের কেনাকাটা নিয়ে মজা করেন। আবার কখনো বলেন, ব্যবসা ছেড়ে দেওয়াই তার জন্য ভালো হবে। তার এমন কথাবার্তা শুনেই মূলত আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা।

স্কার্ফের দামও খুব বেশি নয়। ১০ হাজার দক্ষিণ কোরীয় ওন বা প্রায় ৭ ডলারে ছয়টি স্কার্ফ পাওয়া যায়। তবে ক্রেতাদের কাছে পণ্যের চেয়ে বিক্রেতার সঙ্গে দেখা করাই বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারে কয়েকশ দোকান ও ছোট ছোট পসরা রয়েছে। পোশাক, জুতা, ব্যাগ, গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকানে সব সময়ই ক্রেতাদের আনাগোনা থাকে। তবে সম্প্রতি এই বাজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন স্কার্ফ ম্যান।

ক্রেতাদের সঙ্গে তার মজার কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ইউটিউবেও বাড়ছে দর্শক।

অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার পর নিজের পণ্যের জন্য অনলাইন দোকানও চালু করেছেন তিনি। সেখানে প্রথম দফার স্কার্ফ বিক্রির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সব পণ্য শেষ হয়ে যায়। অতিরিক্ত অর্ডার আসায় পরে ক্রেতাদের অর্ডার বাতিল করার অনুরোধও জানান তিনি।

তবে অনলাইনে পণ্য কেনার চেয়ে অনেকের কাছে সরাসরি তার দোকানে গিয়ে দেখা করাই বেশি আকর্ষণীয়। দূরদূরান্ত থেকে এসেও অনেকে তাকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছেন। এমনকি দোকান বন্ধ করে তার চলে যাওয়ার দৃশ্য দেখতেও ভিড় করছেন পর্যটকেরা।

সিউলের অন্য প্রান্ত থেকে দোকানটিতে এসেছিলেন আহন হিও-সান। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার স্কার্ফ ম্যানের ভিডিও দেখে তার সঙ্গে দেখা করার আগ্রহ তৈরি হয়েছিল। তবে দোকানে পৌঁছানোর আগেই তাকে মিস করেন তিনি।

আহন বলেন, কিছুক্ষণ আগে তার কণ্ঠ শুনেছিলেন। তাই তিনি ভেবেছিলেন, হয়তো দোকানেই আছেন। তাকে দেখতে না পেরে হতাশ হয়েছেন।

তার মতে, এই বিক্রেতার হাস্যরসাত্মক কথাবার্তা মানুষের মন ভালো করে দেয়। অনেকটা মজার দাদির মতো তার কথার ভঙ্গি।

ইনচন শহর থেকে প্রায় দেড় ঘণ্টা পথ পাড়ি দিয়ে এসেছিলেন আরেক ক্রেতা চো ইউন-সুক। এর আগেও দেরিতে পৌঁছানোর কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, প্রয়োজনে পরদিন আবার আসবেন। এত দূর থেকে যখন এসেছেন, অন্তত একবার তার সঙ্গে দেখা করতেই হবে।

চো জানান, স্কার্ফ কেনার প্রতি তার বিশেষ আগ্রহ নেই। বরং স্কার্ফ ম্যানের সঙ্গে দেখা করতেই তিনি এসেছেন। তার কথাবার্তার মধ্যে একধরনের মায়া রয়েছে।

এত জনপ্রিয়তা সত্ত্বেও স্কার্ফ ম্যানের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। এমনকি তার প্রকৃত নামও প্রকাশ্যে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ সম্প্রচারে তিনি জানিয়েছেন, স্ত্রী ও সন্তান রয়েছে তার। বহু বছর ধরে নামদেমুন বাজারে বিভিন্ন পণ্য বিক্রি করছেন। এর বাইরে তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।

কখন দোকান খোলা থাকবে, সেটিও ক্রেতাদের কাছে একধরনের রহস্য। টানা তিন দিন দোকানটিতে যাওয়ার পরও সংবাদমাধ্যম সিএনএন শেষ দিনে অল্প সময়ের জন্য তাকে দেখতে পায়। সেদিন দোকান বন্ধ করে বের হওয়ার সময় উপস্থিত লোকজন ক্যামেরা হাতে তাকে ঘিরে ধরেন। তিনি একবার ফিরে মুচকি হাসতেই উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন। তবে স্কার্ফ ম্যান যেন এর উল্টো পথে হাঁটছেন। সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারের অনুরোধও প্রত্যাখ্যান করেছেন তিনি।

নিজের পণ্য কিনতে মানুষকে নিষেধ করেই এক অদ্ভুত জনপ্রিয়তা পেয়েছেন এই বিক্রেতা। তবে দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি বলছে, তার নিষেধাজ্ঞায় কান দিচ্ছেন না কেউই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

৩ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় এরদোগান

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

আরও পড়ুন

যুদ্ধে ইউক্রেন জিতবে: প্রিন্স হ্যারি

যুদ্ধে ইউক্রেন জিতবে: প্রিন্স হ্যারি

থাইল্যান্ডে পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ১১

থাইল্যান্ডে পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ১১

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম