মডেলিংয়ের ফাঁদে পর্নোগ্রাফির শিকার, ‘সেই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০১৬ সালে মাত্র ১৯ বছর বয়সে মডেলিংয়ের লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেখে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি বিলাসবহুল হোটেলে গিয়েছিলেন মারিয়া রিফ। কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন, তিনি এক ভয়াবহ যৌন পাচার চক্রের খপ্পরে পড়েছেন। দীর্ঘ আট ঘণ্টা ধরে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফিক ভিডিওতে অভিনয় করতে বাধ্য করা হয়।
সেই দুঃস্বপ্নের দিনের কথা স্মরণ করে ২৯ বছর বয়সি মারিয়া বলেন, ওই হোটেল কক্ষেই আমার মৃত্যু হয়েছিল, আমি তখন এক জীবন্ত লাশ। এই একই চক্রের শিকার হয়ে অন্তত ১৫ জন তরুণী পরবর্তীতে আত্মহত্যা কিংবা অতিরিক্ত মাদক সেবনে মারা গেছেন। তবে মারিয়া ভেঙে না পড়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অন্য নারীদের রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছেন।
যুক্তরাজ্যের নারী অধিকার সংগঠন ‘ইউকে ফেমিনিস্টা’র আমন্ত্রণে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিতে সম্প্রতি লন্ডনে এসেছেন মারিয়া। পর্নোগ্রাফি সাইটগুলো যাতে ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়স ও সম্মতি নিশ্চিত করে, সে বিষয়ে সরকারকে কঠোর আইন করার সুপারিশ করতেই তার এই সফর। মারিয়াকে যে চক্রটি ফাঁদে ফেলেছিল, ‘গার্লস ডু পর্ন’ (জিডিপি) নামের সেই কুখ্যাত চক্রটি ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত সক্রিয় ছিল এবং পর্নহাবের মতো সাইটগুলোতে তাদের ভিডিও ১০০ কোটিরও বেশিবার দেখা হয়েছিল। ২০২২ সালে এই চক্রের মূল হোতা মাইকেল প্র্যাটকে ২৭ বছর, অভিনেতা রুবেন আন্দ্রে গার্সিয়াকে ২০ বছর এবং ক্যামেরাম্যান থিওডোর গিকে ৪ বছরের কারাদণ্ড দেন আদালত।
মারিয়ার জীবনের এই মর্মান্তিক অধ্যায়ের শুরুটা হয়েছিল দারিদ্র্য ও পারিবারিক অনিশ্চয়তা থেকে। মিসৌরির রক্ষণশীল পরিবারে বড় হওয়া মারিয়া ১৮ বছর বয়সে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় চলে যান। কিন্তু এক বছরের মাথায় বিচ্ছেদ হলে তিনি চরম অর্থকষ্টে পড়েন। গাড়ির বিমার টাকা জোগাড় করতে না পেরে পরিবারের শরণাপন্ন হলে তাকে ‘ক্রেগলিস্ট’ ওয়েবসাইটে মডেলিংয়ের কাজ খোঁজার পরামর্শ দেওয়া হয়। ছোটবেলা থেকেই মডেল হওয়ার স্বপ্ন দেখা মারিয়া সেখানে আবেদন করেন এবং হিলটন হোটেলে একটি শ্যুটিংয়ের ডাক পান।
হোটেলের ওই কক্ষে পৌঁছানোর পর ক্যামেরাম্যান থিওডোর গি যখন তাকে ঘরে ঢোকাতে বাধ্য করেন, তখন মারিয়া বুঝতে পারেন তার পালানোর কোনো পথ নেই। প্রাণে বাঁচার তাগিদে তিনি তখন যা বলা হয় তাই করতে বাধ্য হন। তাকে জানানো হয়েছিল ভিডিওটি কেবল অস্ট্রেলিয়ার কিছু ধনী ব্যক্তির ব্যক্তিগত দেখার জন্য তৈরি হচ্ছে। কিন্তু শ্যুটিং শেষে তাকে সাড়ে চার হাজার ডলার ধরিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার এক মাস পর মারিয়া যখন নতুন চাকরি নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন, ঠিক তখনই তার স্কুলের এক পরিচিতজনের কাছ থেকে ফেসবুকে সেই ভিডিওর লিংক ও বার্তা আসে। মূলত জিডিপি চক্রটি ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখতে এবং নিজেদের সাইটে দর্শক টানতে কৌশলে তাদের বন্ধু ও আত্মীয়দের কাছে ভিডিও ছড়িয়ে দিত।
এরপর মারিয়ার জীবনে নেমে আসে তীব্র সামাজিক লাঞ্ছনা। চার্চের মুরব্বি থেকে শুরু করে আত্মীয়স্বজন—সবাই তাকে ধিক্কার দিতে থাকে। চারপাশের মানুষের ঘৃণা দেখে তিনি নিজেকেই অপরাধী ভাবতে শুরু করেছিলেন এবং আত্মহত্যার কথাও মাথায় এসেছিল। তবে মানুষের এই নিষ্ঠুরতাই তার ভেতরে বেঁচে থাকার জেদ জাগিয়ে তোলে।
২০২১ সালে এফবিআই-এর মাধ্যমে তিনি জানতে পারেন যে চক্রের প্রধানরা গ্রেপ্তার হয়েছে। আদালতে গিয়ে তিনি যখন অন্য ভুক্তভোগীদের একই ধরনের মর্মান্তিক অভিজ্ঞতার কথা শোনেন, তখন তার ভেতরের দীর্ঘদিনের অপরাধবোধ কেটে যায়।
বর্তমানে মারিয়া অনলাইন যৌন নির্যাতনের শিকার নারীদের সহায়তায় একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আপত্তিকর ভিডিও ইন্টারনেট থেকে দ্রুত মুছে ফেলার দাবিতে ক্যালিফোর্নিয়া সিনেটে বিল পাসের পেছনেও কাজ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এখনো নানা কটূক্তি ও বিদ্রূপের শিকার হলেও তিনি দমে যাননি। মারিয়ার মতে, তার জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে তিনি শক্তিতে রূপান্তর করেছেন, যাতে ভবিষ্যতে আর কাউকে এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান


