ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হলমার্ক দেখে স্বর্ণ কিনলে কি আসল জিনিস পাওয়া যাচ্ছে? ভারতের যোধপুরে এক তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত গহনায় ‘রেনিয়াম’ নামের এক বিরল ধাতু মেশানোর খবর সামনে আসার পর এই প্রশ্নই উঠেছে। এই ঘটনা স্বর্ণের বিশুদ্ধতা যাচাই ও সনদ দেওয়ার ব্যবস্থা নিয়ে নতুন ভাবনা তৈরি করেছে। তাই স্বর্ণ কেনার আগে ৫টি সহজ বিষয় জেনে রাখা খুব দরকার।
প্রথম কথা হলো, রেনিয়াম কী এবং কেন তা স্বর্ণে মেশানো হয়? রেনিয়াম হলো ভারী ও বিরল একটি ধাতু, যার ঘনত্ব স্বর্ণের চেয়েও বেশি। স্বর্ণ কম দিয়েও গহনার ওজন ঠিক রাখতে অসাধু ব্যবসায়ীরা এটি মেশায়। যোধপুরের ঘটনায় দেখা গেছে, ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের সঙ্গে প্রায় ১ গ্রাম রেনিয়াম গুঁড়ো মেশানো হয়েছিল। ফলে গহনাটিতে ২২ ক্যারেটের হলমার্ক থাকলেও বাস্তবে তাতে স্বর্ণের মান ছিল প্রায় ২০ ক্যারেটের মতো।
দ্বিতীয়ত, এই ভেজাল কীভাবে ধরা পড়েনি? দোকানে স্বর্ণ যাচাইয়ের জন্য যে এক্সআরএফ মেশিন ব্যবহার করা হয়, তা রেনিয়াম ধরতে পারেনি। কারণ, এই মেশিন কেবল গহনার ওপরের অংশ পরীক্ষা করে; ভেতরে কী আছে তা অনেক সময় বুঝতে পারে না। তবে এর মানে এই নয় যে সব এক্সআরএফ মেশিনই ভুল করে বা সব গহনাই ভেজাল।
তৃতীয়ত, বিআইএস হলমার্কের ওপর কি ভরসা করা যায়? একটি ঘটনা দিয়ে পুরো ব্যবস্থাকে অবিশ্বাস করা ঠিক নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিআইএসের বক্তব্য অনুযায়ী, তারা দোকানের সাধারণ স্ক্যানের বদলে ‘ফায়ার অ্যাসেই’-এর মতো নির্ভরযোগ্য পদ্ধতিতে মান যাচাই করে। তবু যোধপুরের ঘটনা মান যাচাইয়ে আরও কড়া নজরদারির প্রয়োজনীয়তা দেখিয়ে দিয়েছে।
চতুর্থত, কেনার সময় ক্রেতারা কী দেখবেন? গহনা নেওয়ার আগে বিআইএস লোগো, ২২কে৯১৬-এর মতো চিহ্ন এবং ছয় অক্ষরের এইচইউআইডি কোড আছে কি না দেখে নিতে হবে। ‘বিআইএস কেয়ার’ অ্যাপ দিয়ে ওই কোড যাচাই করা যায়। পাশাপাশি নিবন্ধিত দোকান থেকে কিনে রসিদে ওজন ও ক্যারেট ঠিকমতো লেখা আছে কি না তা নিশ্চিত করতে হবে।
পঞ্চমত, ক্রেতারা কি নিজেরা পরীক্ষা করাতে পারেন? পারেন। সন্দেহ হলে স্বীকৃত অ্যাসেইং অ্যান্ড হলমার্কিং সেন্টারে গিয়ে মাত্র ২০০ রুপি ফিতে ‘ফায়ার অ্যাসেই’ পদ্ধতিতে পরীক্ষা করানো যায়। তবে এই পরীক্ষায় সামান্য অংশ কেটে নেওয়া হয় বলে গহনায় হালকা ক্ষতি হতে পারে।
অন্যদিকে, ভেজাল আলোচনার মাঝেই বিশ্ববাজারে টানা পাঁচ দিন স্বর্ণের দাম কমেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিত এবং এআই খাতের শেয়ারে বড় পতনের কারণে শুক্রবার প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে আসে। গত মার্চের পর এক সপ্তাহে এটিই সবচেয়ে বড় পতন, যেখানে স্বর্ণ প্রায় ৯ শতাংশ এবং রুপা ১৫ শতাংশের বেশি দাম হারিয়েছে।
সূত্র: লাইভমিন্ট

