Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় ৫ বড় চমক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় ৫ বড় চমক

ছবি: সংগৃহীত

Advertisement

অতিরিক্ত শিল্প উৎপাদন ঠেকানোর যুক্তিতে বাংলাদেশ, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি দেশের আমদানি পণ্যের ওপর নতুন শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার (২৫ নভেম্বর) এই প্রস্তাব আনে। এই নতুন শুল্ক পরিকল্পনার পাঁচটি সহজ ও গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরা হলো।

প্রথমত, সবচেয়ে বেশি শুল্কের মুখে পড়ছে চীন। চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। নতুন প্রস্তাবে চীনা পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক ধরা হয়েছে। ভালো খবর হলো, জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে গত জুলাইয়ে দেওয়া শুল্কের সঙ্গে এই নতুন শুল্ক যুক্ত না করে তা একটি সীমার মধ্যে রাখা হয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি শেষ হতে যাওয়া বাণিজ্য বিরতির মেয়াদ বাড়াতে দুই দেশ ব্যর্থ হলে এই শুল্ক বেড়ে ৪০ শতাংশে পৌঁছাবে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকারের কথা বললেও বাণিজ্য বিরতি বাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চতুর্থ বৈঠকেও বিষয়টি উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয়ত, অনেক দেশের শুল্কের হার নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তির ওপর। যেমন—ভারতের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি হলে ভারতের পণ্যে ১৭ শতাংশ শুল্ক বসবে, কিন্তু আলোচনা ভেস্তে গেলে তা বেড়ে হবে ২৫ শতাংশ। একইভাবে ভিয়েতনামের ক্ষেত্রে চুক্তি হলে শুল্ক ২০ শতাংশে আটকে থাকবে, নইলে তা ৩৫ শতাংশে উঠবে। এ ছাড়া ‘অযৌক্তিক’ বাণিজ্য নীতি না বদলানোর অভিযোগে ব্রাজিলের তৈরি উড়োজাহাজসহ অন্যান্য পণ্যে আলাদাভাবে ১০ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব এসেছে।

তৃতীয়ত, কিছু দেশের পণ্যের ওপর শুল্কের একটি সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে শুল্ক সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত হতে পারবে। আর জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের পণ্যে বিদ্যমান নিয়মিত শুল্কসহ সর্বোচ্চ ১৫ শতাংশ হার নির্ধারণ করা হয়েছে। জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, গত এক বছরে হওয়া বাণিজ্য চুক্তিগুলোর সঙ্গে মিল রেখেই এই সীমা ঠিক করা হয়েছে, যাতে মার্কিন পণ্যের রপ্তানিতে বাধা কমে।

চতুর্থত, নানা বাধার পরও ট্রাম্প প্রশাসন যে নিজের শুল্ক পরিকল্পনা থেকে সরে আসছে না, তা এই পদক্ষেপে পরিষ্কার। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি আইনের অধীনে ট্রাম্পের দেওয়া বৈশ্বিক শুল্ক বাতিল করেছিলেন। তাই এবার শুল্ককে আরও শক্ত আইনি ভিত্তি দিতে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় হারের পরও প্রশাসন এই পথেই হাঁটছে। তবে আগামী ২৫ জানুয়ারি জনশুনানি শেষ হওয়ার আগে নতুন শুল্ক কার্যকর হবে না।

পঞ্চমত, এত বড় শুল্কের খবরেও বিশ্ব শেয়ারবাজারে খুব একটা প্রভাব পড়েনি। বরং বৃহস্পতিবার ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে সূচক বেড়েছে। এইচএসবিসির প্রধান এশীয় অর্থনীতিবিদ ফ্রেড নিউম্যানের মতে, বিনিয়োগকারীরা আগে থেকেই এমন কিছুর আভাস পেয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলেন বলে বাজারে বড় কোনো ধাক্কা লাগেনি।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওপেক ছাড়তে ২ দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

ওপেক ছাড়তে ২ দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

ইরানকে কীভাবে সাহায্য করছে রাশিয়া-চীন, যা বললেন ট্রাম্প

ইরানকে কীভাবে সাহায্য করছে রাশিয়া-চীন, যা বললেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে বিজয় হাতের মুঠোয়: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে বিজয় হাতের মুঠোয়: ট্রাম্প

ইরানের বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

ইরানের বিষয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?

নতুন শুল্ক: চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আবারও সংঘাতের দিকে?

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

ট্রাম্পের নতুন শুল্ক চাল কি চীনকে কোণঠাসা করতে?

আরও পড়ুন

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় ৫ বড় চমক

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় ৫ বড় চমক

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

জাকির নায়েকের প্রতিষ্ঠানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

সরকারবিরোধী প্রচারণার অভিযোগে অস্কার মনোনীত চিত্রনাট্যকারকে গ্রেফতার করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম