২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৭২৬ হামলা, হতাহত ১২১ যোদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুথিদের ১২১ জন যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবার বরাতে জানা গেছে, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা রয়েছে।
এসব অভিযানে হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ বেশ কয়েকটি রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব এলাকায় হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও অতিরিক্ত সেনা সরবরাহের পথ লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী।
এদিকে ইয়েমেনে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান জোরদার করেছে। অন্যদিকে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলাও অব্যাহত রয়েছে।
শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দাবি, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু।
তবে সামরিক অভিযানে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইয়েমেনের সরকারি বাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

