Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

ইরাসরাইলের ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

Advertisement

আগামী আট দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলের ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট।সেইসঙ্গে দেশটির অন্তবর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ইচ্ছাকৃতভাবে জোট আলোচনা দীর্ঘায়িত করছে, যাতে দেশে আবার নির্বাচন দিতে বাধ্য হতে হয়—এমন অভিযোগও তুলেছেন তিনি। 

শুক্রবার (২৭ নভেম্বর) আইজেনকোট জানিয়েছেন, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে পাওয়া সরকার গঠনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি নতুন সরকার গঠন করতে চান। এ জন্য হাতে রয়েছে মাত্র আট দিন। আগামী ৬ ডিসেম্বর তার এ মেয়াদ শেষ হবে।

আইজেনকোট ইতোমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু এবং ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন। এই তিন দলের সম্মিলিত আসনসংখ্যা ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে ৩৬টি।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টি যুক্ত হলেও চার দলের এই জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৪৮। অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসন।

এই ঘাটতি পূরণে আইজেনকোটকে আরব নেতৃত্বাধীন দুটি দল অথবা কট্টর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর দুটি দলের সমর্থন নিতে হতে পারে।


আপাতত তার পছন্দের সমীকরণে রয়েছে কট্টর ইহুদি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং তুলনামূলক মধ্যপন্থি আরব দল রা'আমের সমর্থন নিয়ে সরকার গঠন।

তবে এমন জোট হলে আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ হবে। কারণ, নির্বাচনের আগে তারা আরব নেতৃত্বাধীন কিংবা কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন নির্বাচন এড়াতে তাদের অবস্থানে ছাড় দিতে হচ্ছে।

নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাবও

আইজেনকোটের সামনে আরেকটি সম্ভাবনা রয়েছে। সেটি হলো নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে আইজেনকোট বলেন, এমন সরকার গঠনে তিনি সমঝোতা করতে প্রস্তুত। কিন্তু লিকুদ এ বিষয়ে আন্তরিকভাবে আলোচনা করতে আগ্রহী নয়।

অন্যদিকে, লিকুদ পালটা অভিযোগ করেছে, আইজেনকোট ইতোমধ্যে একটি ‘বিপজ্জনক বামপন্থি সরকার’ গঠনের চুক্তি করে ফেলেছেন। ঐক্য সরকারের আলোচনা চালানোর পাশাপাশি তিনি মন্ত্রিসভার পদও বণ্টন করছেন বলে অভিযোগ দলটির।

এ ছাড়া আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের উদ্যোগ নিয়ে আইজেনকোটের সমালোচনা করে লিকুদ। দলটি আরব দলগুলোকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে আখ্যা দেয়।

তবে এর কয়েক মিনিট পর দেওয়া আরেক বিবৃতিতে লিকুদ জানায়, আইজেনকোটের কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকলেও ইসরাইলের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য সরকার গঠনের জন্য তাদের দরজা খোলা রয়েছে। এ লক্ষ্য অর্জনে সব ধরনের চেষ্টা চালানো হবে বলেও জানায় দলটি।

আইজেনকোটের অভিযোগ, গত দুই সপ্তাহে ইয়াশার ও লিকুদের আলোচনাকারী দল মাত্র পাঁচবার বৈঠকে বসেছে। আরও ঘন ঘন বৈঠকের প্রস্তাব দিলেও লিকুদ তাতে রাজি হয়নি।

তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার কারণ অনুসন্ধানে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, সরকার থেকে উগ্রপন্থিদের সরানো এবং সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার আইন নিয়ে আলোচনায় রাজি হয়নি লিকুদ।


আইজেনকোটের ভাষায়, লিকুদ যে ঐক্য সরকারের প্রস্তাব দিয়েছে, সেটি সবচেয়ে খারাপ ধরনের সমঝোতা। সেখানে থাকবে ‘একই সরকার, একই শরিক এবং কোনো পরিবর্তন নয়। এমনকি বাধ্যতামূলক সামরিক সেবার আইনও থাকবে না।’

তিনি বলেন, ‘এ ধরনের প্রহসনে আমি অংশ নিতে চাই না।’

আইজেনকোট আরও জানান, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং বিচারব্যবস্থার সংস্কারের বিষয়ে তার জোট সমঝোতায় রাজি ছিল। কিন্তু দুই সপ্তাহের আলোচনায় লিকুদ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেনি।

তবে লিকুদ আন্তরিকভাবে আলোচনা ও পারস্পরিক সমঝোতায় আগ্রহী হলে তার সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।

সরকার গঠনে ব্যর্থ হলে কী হবে?

গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন পরিবর্তনপন্থি জোট—কোনোটিই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ইসরাইলের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হারজগ চাইলে আইজেনকোটের সরকার গঠনের সময়সীমা সর্বোচ্চ ১৪ দিন বাড়াতে পারবেন। তিনি ব্যর্থ হলে অন্য কোনো আইনপ্রণেতাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিতে পারবেন।


সেই চেষ্টাও ব্যর্থ হলে অন্তত ৬১ জন আইনপ্রণেতা ২১ দিনের মধ্যে অন্য কোনো পার্লামেন্ট সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানাতে পারবেন। নতুন নির্বাচন এড়ানোর এটিই হবে শেষ প্রচেষ্টা। দায়িত্ব পাওয়া ওই আইনপ্রণেতাকে ১৪ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলিদের বিপক্ষে ম্যাচ, ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির তুর্কিরা, বাগড়া পুলিশের

ইসরাইলিদের বিপক্ষে ম্যাচ, ফিলিস্তিনের পতাকা নিয়ে হাজির তুর্কিরা, বাগড়া পুলিশের

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

আরও পড়ুন

৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৭২৬ হামলা, হতাহত ১২১ যোদ্ধা

২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৭২৬ হামলা, হতাহত ১২১ যোদ্ধা

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন উদ্বোধন করলেন পুতিন

ইউক্রেনের ‘ভাল্লুকের ফাঁদ’, বাড়ছে রুশ সেনাদের প্রাণহানি

ইউক্রেনের ‘ভাল্লুকের ফাঁদ’, বাড়ছে রুশ সেনাদের প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম