ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
ইসরাইলে ফিলিস্তিনি বন্দিদের কয়েকজন। ছবি: রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনি বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ে নির্যাতনের ব্যবহারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে ইসরাইল। কখনো সরকারি নথিতেই নির্যাতনের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে, আবার কখনো জিজ্ঞাসাবাদে ‘বিশেষ ব্যবস্থা’ প্রয়োগের জন্য আগাম অনুমোদন দেওয়া হয়েছে। ইসরাইলের নির্যাতনবিরোধী পাবলিক কমিটির (পিসিএটিআই) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিসিএটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিপজ্জনক চর্চার ফলে বিচারব্যবস্থায় অপূরণীয় অবিচারের ঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনিদের লক্ষ্য করে বর্ণবাদী নতুন মৃত্যুদণ্ড আইন বাস্তবায়নের উদ্যোগও নিয়েছে ইসরাইল।
গত এক দশকে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদকারীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে ফিলিস্তিনিদের করা ৪২টি মামলা পর্যালোচনা করেছে পিসিএটিআই।
এতে দেখা গেছে, অভিযোগকারীদের তিন-চতুর্থাংশের বেশি বলেছেন, ‘নির্যাতন বা অন্যান্য অবৈধ পদ্ধতি’ প্রয়োগের পর তারা স্বীকারোক্তি দিয়েছেন। নির্যাতনের মুখে প্রতি ১০ জনের একজন অন্য ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার বক্তব্যও দিয়েছেন।
পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি বলেন, ‘ফিলিস্তিনি বন্দিদের ক্ষেত্রে ইসরাইলের আইনি ব্যবস্থা স্বীকারোক্তি আদায়ের হাতিয়ার হিসেবে নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। স্বীকারোক্তির বক্তব্য সত্য কি না, তা বিবেচনায় নেওয়া হয় না।’
তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদের হাতিয়ার হিসেবে নির্যাতনের ব্যবহার বিশেষভাবে গুরুতর। কারণ, ১৯৬২ সালের পর প্রথমবারের মতো ইসরাইলে মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
বছরের পর বছর ধরে শত শত সাক্ষ্যে ফিলিস্তিনি বন্দিরা জিজ্ঞাসাবাদের সময় চরম ঘুমবঞ্চিত রাখা, শারীরিক নির্যাতন, যেমন চড় ও লাথি, হুমকি, যৌন সহিংসতা এবং দীর্ঘ সময় অস্বাভাবিক শারীরিক ভঙ্গিতে আটকে রাখার কথা বলে আসছেন।
এসব নির্যাতনের কিছু বিবরণ শিন বেতের সরকারি নথিতেও রয়েছে। পিসিএটিআই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া এক ফিলিস্তিনি আইনজীবীর ঘটনা তুলে ধরেছে। তাকে চরম ঘুমবঞ্চিত রাখা হয়েছিল।
ওই আইনজীবীকে ২৭ দশমিক ৫ দিন বা ৬৬০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাকে ৫৫২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অর্থাৎ প্রতিদিন গড়ে ২০ ঘণ্টা। একটি জিজ্ঞাসাবাদ পর্ব প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলেছিল। বাকি ১০৮ ঘণ্টার কিছু সময় তাকে আটকসংক্রান্ত শুনানিতে যাতায়াত ও অংশ নিতে ব্যয় করতে হয়েছিল।
১৯৯৯ সালে ইসরাইলের সুপ্রিম কোর্টের এক রায়ে জিজ্ঞাসাবাদের পদ্ধতি হিসেবে ইচ্ছাকৃতভাবে ঘুমবঞ্চিত করাকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তা সত্ত্বেও ওই সময়ে আদায় করা তথ্যের ভিত্তিতে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই আইনজীবীকে দোষী সাব্যস্ত করা হয়।
পিসিএটিআই বলেছে, শিন বেতের জিজ্ঞাসাবাদসংক্রান্ত অভিযোগ পর্যালোচনার দায়িত্বে থাকা রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থা ‘মাভতান’ রায় দিয়েছিল, জিজ্ঞাসাবাদগুলো নিয়ম মেনেই পরিচালিত হয়েছে।
২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাভতানের কাছে নির্যাতনের ১ হাজার ৬৮০টির বেশি অভিযোগ জমা পড়েছে। তবে এসব অভিযোগের একটিও শেষ পর্যন্ত অভিযোগপত্র দাখিলের পর্যায়ে পৌঁছায়নি।
পিসিএটিআই বলেছে, অন্যান্য কিছু নির্যাতনের ঘটনা পরোক্ষভাবে ইসরাইলের বিচারিক নথিতেও উঠে এসেছে। যদিও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের সাক্ষ্য বিচারকরা খুব কম ক্ষেত্রেই গ্রহণ করেন।
একটি ঘটনায় নির্যাতনের মুখে দেওয়া এক বন্দির মিথ্যা স্বীকারোক্তিকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছিলেন কৌঁসুলিরা। পরে ওই ব্যক্তির আইনজীবী প্রমাণ করেন, অপরাধ সংঘটিত হওয়ার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। এরপর তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে পিসিএটিআই।
পিসিএটিআইয়ের পর্যালোচনা করা অভিযোগগুলোর মধ্যে ঘুমবঞ্চিত রাখাই ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত নির্যাতনের পদ্ধতি। তবে অর্ধেকের বেশি অভিযোগে অস্বাভাবিক শারীরিক ভঙ্গিতে আটকে রাখা এবং অন্যান্য ধরনের শারীরিক নির্যাতনের কথাও উঠে এসেছে।
ইসরাইল জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে স্বাক্ষরকারী দেশ। তবে পিসিএটিআই বলেছে, জীবন রক্ষাকারী তথ্য আদায়ের জন্য ‘প্রয়োজনীয়’ মনে করা হলে নির্যাতন ও সহিংসতা ব্যবহারের বিষয়টি দেশটির আইনি ব্যবস্থায় কার্যত বৈধতা পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রয়োজনীয়তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ’ বা ‘সামরিক জিজ্ঞাসাবাদের’ ক্ষেত্রে শিন বেতের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এবং নিজেদের সিদ্ধান্ত ও কার্যক্রম নথিভুক্ত করার অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে বন্দিদের নির্যাতন করেন।
শিন বেতের ভেতরে ‘প্রয়োজনীয়তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ’ কতটা ব্যাপকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে প্রকাশ্যে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পিসিএটিআই।
ইসরাইল ১৯৬২ সালে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানকে ফাঁসি দেওয়ার পর থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর কার্যত যে স্থগিতাদেশ ছিল, তা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ পরিস্থিতিতে নির্যাতনের বিষয়টি জরুরি উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
গত মার্চে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাশ হয়। এতে প্রাণঘাতী হামলার ঘটনায় সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে একই ধরনের অপরাধে জড়িত ইহুদি ইসরাইলিদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য নয়।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সামরিক আদালতে বিচার করা হয়। সেখানে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত আসামির জন্য মৃত্যুদণ্ডকে এখন নিয়মিত শাস্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে।
আইনটি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কও এর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, আইনটি কার্যকর করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা দিয়ে আলাদা একটি আইনও করা হয়েছে। এতে একটি বিশেষ ট্রাইব্যুনালকে এ ধরনের মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তি আদালত বিরল ক্ষেত্রে প্রমাণ হিসেবে গ্রহণ না করলেও ইসরাইলের বিচারিক নজির অনুযায়ী, ওই স্বীকারোক্তি থেকে পাওয়া তথ্য ব্যবহার করে আসামিকে দোষী সাব্যস্ত করার সুযোগ রয়েছে।
পিসিএটিআই বলেছে, ২০২৩ সালের অক্টোবরের পর বন্দিদের আটক রাখার পরিস্থিতির অবনতি ঘটলে মানবাধিকার সংগঠনগুলো ইসরাইলি কারারক্ষী ও সেনাদের সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার তথ্য নথিভুক্ত করেছে। এর মধ্যে মারধর, কুকুর দিয়ে আক্রমণ, বৈদ্যুতিক শক, হুমকি ও ধর্ষণের ঘটনা রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলের হেফাজতে অন্তত ১০৩ ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল’ ১০টি ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেছে। এর মধ্যে পাঁচটিতে শারীরিক নির্যাতনের চিহ্ন এবং ছয়টিতে চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া গেছে।
ইসরাইলের কারা কর্তৃপক্ষ বলেছে, ‘সব বন্দিকে আইন অনুযায়ী আটক রাখা হয়।’ এ বিষয়ে মন্তব্যের অনুরোধে শিন বেত ও ইসরাইলের বিচার মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। সূত্র: দ্য গার্ডিয়ান

-6b09844c630aa.jpg)
