মরণোত্তর সম্মাননা পেলেন ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি নারী সাংবাদিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
ইসরাইলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি সংবাদদাতা মরিয়ম দাগ্গা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি সংবাদদাতা মরিয়ম দাগ্গা মরণোত্তর সম্মানজনক ‘ররি পেক অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের জন্য দেওয়া এই পুরস্কার বুধবার (২৫ নভেম্বর) ঘোষণা করেছে আয়োজক সংস্থা ররি পেক ট্রাস্ট।
মরিয়মের সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) আরও দুই সাংবাদিক আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফি। ফিলিস্তিনে যুদ্ধের ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরার জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ররি পেক ট্রাস্ট।
২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় নিহত হন মরিয়ম দাগ্গা। ওই হামলায় তার সঙ্গে আরও চার সাংবাদিক প্রাণ হারান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৩ বছর।
স্বাধীন আলোকচিত্রী ও প্রতিবেদক হিসেবে কাজ করা মরিয়ম যুদ্ধের শুরু থেকেই এপির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়।
এপির নির্বাহী সম্পাদক জুলি পেস ররি পেক ট্রাস্টের এক বিবৃতিতে বলেন, ‘সাংবাদিকরা ঘটনাপ্রবাহের তথ্য-প্রমাণ সংরক্ষণ এবং জনগণকে অবহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় নিজেদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলেই তারা এ দায়িত্ব পালন করেন।’
তিনি আরও বলেন, ‘মরিয়ম এবং এই সংঘাতসহ বিশ্বের অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিকের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এবারের আয়োজনে প্রথমবারের মতো দেওয়া হয়েছে ‘ররি পেক অ্যাওয়ার্ড ফর ফটোজার্নালিজম’। ইথিওপিয়ার উত্তর আমহারা অঞ্চলের সংঘাত নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন ফরাসি আলোকচিত্রী রবিন তুতেঙ্গেস।
একই বিভাগে মনোনীত হয়েছিলেন সুদানের ফ্রিল্যান্স আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক আহমেদ মোহাম্মদ আবদাল্লাহ। তিনি বার্তা সংস্থা এএফপির সহযোগী হিসেবেও কাজ করেন। সুদানের গৃহযুদ্ধের সময় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এল-ফাশের শহর দখলের ঘটনা তুলে ধরার জন্য তাকে মনোনীত করা হয়েছিল।
তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি আবদাল্লাহ। যুক্তরাজ্য সরকার তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হয়নি তার।
অনুষ্ঠানে প্রচারিত এক ভিডিও বার্তায় আবদাল্লাহ সুদানের উত্তর দারফুর অঞ্চলের অবরুদ্ধ এল-ফাশের শহরের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেন। তিনি জানান, প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে টিকে থাকতে শহরটির বাসিন্দাদের পশুখাদ্য পর্যন্ত খেতে হয়েছে।
উল্লেখ্য, ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ১৯৯৩ সালে মস্কোয় নিহত হন এই ব্রিটিশ ভিডিও সাংবাদিক। বিশ্বজুড়ে ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের সাহসী ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি দিতেই এ পুরস্কারের আয়োজন করা হয়।
তথ্যসূত্র: এনডিটিভি


