রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?
বিবিসি বাংলা
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারত যে রোহিঙ্গাদের নিজ দেশের মাটিতে রাখতে চায় না, তা নিয়ে দেশটির স্পষ্ট অবস্থান রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য দেশটির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।
ফলে, ভারত আসলে রোহিঙ্গাদের প্রতি কেমন মনোভাব দেখাচ্ছে বা তাদের ফেরত পাঠানোর জন্য আদৌ পদক্ষেপ করবে কিনা, সেই নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
চলতি নভেম্বরের শেষ দিকেই, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় দিয়েছে দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে।
ইউরোপ ও ওশেনিয়ার ১৪টি দেশ-সহ বিশ্বের বহু দেশই এই রায়কে স্বাগত জানালেও ভারত এই রায়কে স্বাগত জানায়নি, আবার প্রত্যাখ্যানও করেনি।
মনে করা হচ্ছে, ভারত যেমন রোহিঙ্গাদের রাখতে চায় না, তেমন মিয়ানমারকে চটাতেও চায় না। এক্ষেত্রে প্রশ্ন ওঠে, ভারতে বসবাসকারী রোহিঙ্গা উদ্বাস্তুদের তবে ভবিষ্যৎ কী? আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় কি তাদের আদৌ স্বস্তির কোনো বার্তা দেয়?
রোহিঙ্গা ও আইসিজে রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী?
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ২০শে নভেম্বর এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা (আইসিজে-র) রায়টি নোট করেছি।’
রোহিঙ্গাদের নিয়ে ভারতের নীতি সম্পর্কে স্পষ্ট করতে তিনি এর পরেই বলেন, ‘রাখাইন প্রদেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও দীর্ঘমেয়াদী প্রত্যাবর্তনের পক্ষে ভারত বরাবরই সমর্থন জানিয়ে এসেছে।’
তিনি ভারতের ‘অপারেশন ইনসানিয়াত’-এর কথাও উল্লেখ করেন, এই অপারেশনের মাধ্যমে ভারত পাঁচ দফায় ত্রাণসামগ্রী দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শিবিরগুলোকে সহায়তা করেছে।
মি. জয়সওয়াল বলেন, একই উদ্দেশ্যে মিয়ানমারে রাখাইন রাজ্য উন্নয়ন কর্মসূচিকেও ভারত সহায়তা করেছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ভারতে ৪০ হাজারেরও বেশি রোহিঙ্গা বসবাস করছেন- যদিও তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি ভারত।
বিভিন্ন সময়ে শাসক দল বিজেপির নেতাদের মুখে রোহিঙ্গাদের ‘ভারতের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি’ বলে তকমা দিতেও শোনা গিয়েছে।
কিন্তু রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে কোনও রকম উল্লেখযোগ্য আলোচনায় আসেনি। আবার আইসিজে-র এই রায়ের পরও তারা মিয়ানমারের সরাসরি নিন্দাও করেনি।
‘ভারত নিজের স্বার্থেই মিয়ানমারের নিন্দা করবে না’
পশ্চিমা দেশগুলোর মতো মিয়ানমারের সামরিক জান্তাকে বিচ্ছিন্ন করার নীতি না নিয়ে ভারত তাদের সঙ্গে ‘বাস্তববাদী ও যোগাযোগনির্ভর’ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানানো হয়েছে সরকারের তরফে।
এর নেপথ্যে মূলত রয়েছে সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ প্রকল্প এবং চিনের প্রভাব মোকাবিলার মতো বিষয়।
ভারতের একজন শীর্ষস্থানীয় সাবেক কূটনীতিবিদ, পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘ভারতের অনেক স্বার্থের জন্য মিয়ানমারকে প্রয়োজন। ভারতের সঙ্গে মিয়ানমারের সীমান্ত আছে, যেখান দিয়ে অনেক সময়েই বিচ্ছিন্নতাবাদীরা ভারতে চলে আসার চেষ্টা করে। এছাড়াও স্মাগলিং, ড্রাগসের মতো সমস্যাও মিয়ানমার সীমান্তে আছে।’
‘ফলে তাদের সরাসরি নিন্দা করলে সীমান্তে এই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করতে মিয়ানমার ভারতকে যে সাহায্য করে তা বন্ধ করে দেবে।
মি. চক্রবর্তী মনে করেন, মিয়ানমারকে চটিয়ে ভারতের লাভ নেই, বরং আখেরে ক্ষতি। তাই ভারত নিজের স্বার্থেই মিয়ানমারের নিন্দা করবে না।
‘বঙ্গোপসাগরে চীনের প্রভাব মোকাবিলা করার জন্য মিয়ানমারে ভারতের হাইওয়ে প্রকল্প, কালাদান প্রকল্প ও রেল প্রকল্পের কাজ চলছে। যা ভারতের ভূরাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’ বলেন মি. চক্রবর্তী।
রোহিঙ্গাদের সহানুভূতি দিতে নারাজ ভারত
হিউম্যান রাইটস ওয়াচ-এর একটি প্রতিবেদন বলছে, ৬ই মে ২০২৫ সালে দিল্লিতে ৪০ জন মুসলিম ও খ্রিস্টান রোহিঙ্গা শরণার্থীকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ছিলেন ১৩ জন নারী। পরিচয় শনাক্ত করার জন্য তথ্য সংগ্রহের কথা বলে তাদের আটক করা হয়েছিল।
এরপর ওই রোহিঙ্গা শরণার্থীদের বিমানে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জোর করে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়।
দিল্লিতে থাকা এক রোহিঙ্গা খ্রিস্টান ব্যক্তি হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন, সেই ব্যক্তিদের মধ্যে তার ভাইও ছিলেন। তার দাবি, জাহাজটি মিয়ানমারের উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর রোহিঙ্গাদের লাইফ জ্যাকেট দেওয়া হয়। তারপর তাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় ভারতকে বিভিন্ন রকম আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। পরে আর এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি না হলেও বস্তুত দিল্লি, জম্মু বা হায়দরাবাদের মতো ভারতের বিভিন্ন শহরে হাজার হাজার রোহিঙ্গা এখনও অস্থায়ী ক্যাম্প বা ঝুপড়ি-বস্তিতে মানবেতর জীবন যাপন করছেন।
এক্ষেত্রে মিয়ানমার থেকে আসা চিন উদ্বাস্তুদের প্রতি ভারতের মনোভাবের সঙ্গে একই দেশ থেকে আসা রোহিঙ্গাদের প্রতি ভারতের মনোভাবের একটি স্পষ্ট পার্থক্য দেখতে পান অধ্যাপক অনিন্দিতা ঘোষাল। তার মতে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে একই বক্সে রোহিঙ্গাদের রাখতে চায় ভারত।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালকের অধ্যাপক ও উদ্বাস্তু বিষয়ক ইতিহাসের বিশেষজ্ঞ অনিন্দিতা ঘোষাল বলেন, ‘মিয়ানমার থেকে বহু চিন উদ্বাস্তুও ভারতে এসেছেন। তাদের প্রতি ভারতের সহানুভূতিশীল মনোভাব আছে। কিন্তু রোহিঙ্গাদের ক্ষেত্রে ভারতের মনোভাব মূলতঃ বিরূপ।’
তিনি মনে করেন, ভারত রোহিঙ্গাদের ‘বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী’দের সঙ্গে একই বাক্সে ফেলতে চায়।
কে শরণার্থী, কে অনুপ্রবেশকারী - রয়েছে দ্বন্দ্ব
কিন্তু কে শরণার্থী ও কেই বা অনুপ্রবেশকারী, কীভাবে ঠিক করে ভারত? এই আলোচনায় উল্লেখ্য যে, ভারত শরণার্থী সম্পর্কিত কোনও আন্তর্জাতিক কনভেনশনের চুক্তিতে স্বাক্ষর করেনি। ফলে, ভারত কোনও নির্দিষ্ট নীতির মাধ্যমে কোনও উদ্বাস্তুকে ‘শরণার্থী’ বলে মান্যতা দেয় না।
অনিন্দিতা ঘোষাল ১৯৫১ সালের শরণার্থীদের মর্যাদা সংক্রান্ত কনভেনশন এবং এর ১৯৬৭ সালের প্রোটোকলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব আন্তর্জাতিক চুক্তিতে শরণার্থীদের সুরক্ষার জন্য একটি আন্তর্জাতিক কাঠামো নির্ধারণ করা হয়েছে, কিন্তু ভারত এইসব কনভেনশনের কোনোটার সঙ্গেই ঐক্যমত হতে পারেনি।
তিনি বলেন, ‘ভারতে শরণার্থীদের বিষয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ কোনও নীতি নেই। তিনি জানান, শরণার্থী সংক্রান্ত বিষয়গুলো কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার মাধ্যমে মোকাবিলা করা হয়, যার মধ্যে সুপ্রিম কোর্টও জড়িত।’
অধ্যাপক অনিন্দিতা ঘোষালের মতে, উদ্বাস্তুদের প্রতি ভারতের মনোভাব কেমন, তা মূলত ঠিক হয়, কেন্দ্রীয় সরকারে কে ক্ষমতাসীন দল, তাদের নীতি ও দৃষ্টিভঙ্গির উপর।
স্পষ্টতই রোহিঙ্গাদের নিয়ে ভারত এখনই মায়ানমারের সঙ্গে কোনও আলোচনায় আসতে চাইছে না।
ফলে এই রায় ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের জীবনে ইতিবাচক কোনও প্রভাব আদৌ ফেলতে পারবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।

