তাইপের মেয়র পদ ধরে রাখল চীনপন্থি বিরোধী দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তাইওয়ানের রাজধানী তাইপের মেয়র পদ ধরে রেখেছে চীনপন্থি হিসেবে পরিচিত প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি)। স্থানীয় সরকার নির্বাচনে দলটির প্রার্থী চিয়াং ওয়ান-আন প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী ও সাবেক আন্দোলনকর্মী পুমা শেন। তবে রাজধানীতে জয় পেলেও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় উল্লেখযোগ্য পরাজয়ের মুখে পড়েছে বিরোধী দলটি।
শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে তাইপের মেয়র পদ নিয়ে বিশেষ আগ্রহ ছিল। কারণ, চিয়াং ওয়ান-আনের প্রতিদ্বন্দ্বী পুমা শেনকে বেইজিং তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। চীনের নিষেধাজ্ঞার আওতায় থাকা শেন সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে আবাসন ব্যয় কমানো ও গণপরিবহন উন্নয়নের মতো স্থানীয় সমস্যা নিয়ে প্রচার চালিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত চিয়াংয়ের কাছে পরাজয় মেনে নেন তিনি। ফল ঘোষণার পর শেন বলেন, এই ফলাফল সত্ত্বেও এটি গণতন্ত্রের জয়। তার দল এমন কিছু এলাকায় জয় পেয়েছে, যেগুলো ঐতিহাসিকভাবে কেএমটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
পরাজয় স্বীকার করে শেন বলেন, কখনো সফলতা আসবে, কখনো ব্যর্থতা। তবে তাইওয়ানের সাহস ও চেতনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা থামবে না।
তাইপেতে প্রায় তিন দশক ধরে মেয়র পদে জয় পায়নি ডিপিপি। ফলে শেনের জয় হলে তা দলটির জন্য বড় রাজনৈতিক ঘটনা হতো। তার এক সমর্থক বিবিসি চীনা বিভাগকে বলেন, ফলাফলে হতাশ হলেও শেন রাজনীতির নতুন একটি পথ দেখিয়েছেন।
অন্যদিকে, জয়ী হওয়ার পর আবেগাপ্লুত চিয়াং ওয়ান-আন বলেন, তাইপের ভোটাররা নগর সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। তার মতে, নগরবাসী রাজনৈতিক বিভাজন ও বিতর্কের পরিবর্তে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং বাস্তব সমস্যার সমাধান চান।
তবে চার বছর আগের নির্বাচনের তুলনায় এবার চিয়াংয়ের জয়ের ব্যবধান অনেক কমেছে। আগের নির্বাচনে তিনি ৬৭ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। এবার তা নেমে এসেছে প্রায় ৫৪ শতাংশে।
তাইপেতে জয় পেলেও অন্যান্য এলাকায় সুবিধা করতে পারেনি কেএমটি। দলটির ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মধ্যাঞ্চলীয় শহর তাইচুংয়ে পরাজিত হয়েছে তারা। শহরটির বিদায়ী মেয়র লু শিউ-ইয়েন সর্বোচ্চ আট বছর দায়িত্ব পালন করেছেন। তাকে দলটির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাব্য মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উত্তর-পূর্ব এশিয়া বিশ্লেষক উইলিয়াম ইয়াংয়ের মতে, তাইচুংয়ে নিজেদের প্রার্থীর জয় নিশ্চিত করতে না পারা লুর রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে কেএমটির অভ্যন্তরীণ দ্বন্দ্বও বাড়তে পারে।
তিনি বলেন, আগামী কয়েক মাসে কেএমটির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের দিকে বেইজিংকে নজর রাখতে হবে। এরপর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিজেদের কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে চীনকে।
তাইওয়ানের স্থানীয় নির্বাচন মূলত নগর পরিচালনা, আবাসন, পরিবহন ও নাগরিক সুবিধার মতো বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হলেও এর পেছনে রয়েছে চীনের সঙ্গে দ্বীপটির দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। দ্বীপটির চারপাশে নিয়মিত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিক চাপও বজায় রেখেছে চীন।
নির্বাচনের আগে পুমা শেনকে তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছিল বেইজিং। এ ছাড়া শেন ও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাও শনাক্ত করেছে বিবিসি ভেরিফাই। এসব ভিডিওতে শেনকে মাদক গ্রহণ করতে দেখা যাচ্ছে— এমন ভুয়া দৃশ্য তৈরি করা হয়েছিল। অন্য ভিডিওতে বিভিন্ন রাজনীতিককে শিশুদের পোশাকে দেখিয়ে উপহাস করা হয়।
নির্বাচনের ফল প্রকাশের পর চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, মাতৃভূমির পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ধারা থামানো সম্ভব নয়।
অন্যদিকে, তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। বেইজিং তাকেও বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে।
ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক লেভ নাখম্যানের মতে, তাইপেতে ডিপিপির পরাজয় লাই চিং-তের পুনর্নির্বাচনের প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।

