Logo
Logo
×

Advertisement

এশিয়া

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ হবেই: জিনপিং

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ হবেই: জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: এপি

Advertisement

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের সঙ্গে চীনের পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ইতিহাসের গতিপথ কেউ থামাতে পারবে না।

যদিও এ ক্ষেত্রে সামরিক শক্তি ব্যবহারের কোনো কথা উল্লেখ করেননি জিনপিং। তবে তার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের বিপ্লবী নেতা সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শি জিনপিং।

চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। তবে তাইওয়ান বরাবরই বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে আসছে। তবে তাইওয়ানের বড় কোনো রাজনৈতিক দলই এই প্রস্তাব সমর্থন করে না।

শি জিনপিং বলেছেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির একটি ‘অটল ঐতিহাসিক দায়িত্ব’।


তিনি বলেন, ‘ইতিহাসের গতিপথ থামানো যাবে না। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং তা নিশ্চিতভাবেই বাস্তবায়িত হবে।’

তবে শির বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাইওয়ান সরকার। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, তাইওয়ান সরকার কিংবা জনগণ কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে নিতে পারে না। কারণ, এর অর্থ হবে চীনা কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনের কাছে আত্মসমর্পণ করা।

কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের বলেন, ‘তাইওয়ানের পুনরেকত্রীকরণ নিয়ে শির বক্তব্যের ভাষায় নতুন কিছু নেই। আগের অবস্থানের সঙ্গে এর তেমন কোনো পার্থক্য নেই।’

সান ইয়াত-সেনের জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে জিনপিং বলেন, চীন শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে বিশ্বাসী। ‘এক চীন নীতি’ বজায় রেখে তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতেও বেইজিং প্রস্তুত। এই নীতিতে তাইওয়ান প্রণালির উভয় পাশকে একটি দেশের অংশ হিসেবে বিবেচনা করে চীন।

তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরোধিতা এবং প্রণালির দুই পাশের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে সব চীনার, এমনকি তাইওয়ানের জনগণেরও, একসঙ্গে কাজ করা উচিত।

শি জিনপিং সামরিক শক্তি প্রয়োগের কথা উল্লেখ না করলেও তাইওয়ান দখলে বলপ্রয়োগের বিকল্প কখনোই পুরোপুরি বাদ দেয়নি চীন। দ্বীপটির চারপাশে নিয়মিত সামরিক তৎপরতা চালানোর পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে দেশটি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দ্বীপটির আশপাশে চীনের ২৯টি সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনও ছিল। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে এসব উড়োজাহাজ ‘যৌথ যুদ্ধপ্রস্তুতি টহল’ পরিচালনা করে।


এদিকে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে আগামী সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আবারও বৈঠক করার কথা রয়েছে শি জিনপিংয়ের। এর দুই সপ্তাহের কিছু বেশি সময় পর তাইওয়ানে গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত মাসে সান ইয়াত-সেনের জন্মবার্ষিকী উপলক্ষে চীনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রাখার জন্য জনগণকে সতর্ক করেছিল তাইওয়ান সরকার। তাদের দাবি, সান ইয়াত-সেন ও তার রাজনৈতিক উত্তরাধিকার সম্পর্কে চীনের দৃষ্টিভঙ্গি বিকৃত।

অন্যদিকে বেইজিং সান ইয়াত-সেনকে মহান জাতীয় বীর, দেশপ্রেমিক এবং ১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবের অগ্রদূত হিসেবে অভিহিত করে। ওই বিপ্লবে পরাজিত চীন প্রজাতন্ত্রের সরকার তাইওয়ানে পালিয়ে যায়। সেই সরকারই এখন পর্যন্ত দ্বীপটি থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

শি জিনপিং বলেন, সান ইয়াত-সেন ছিলেন মহান জাতীয় বীর, মহান দেশপ্রেমিক এবং চীনের গণতান্ত্রিক বিপ্লবের মহান পথিকৃৎ।

তিনি আরও বলেন, ‘সান ইয়াত-সেন সব সময় দেশের ঐক্য ও জাতির সংহতি বজায় রাখার পক্ষে ছিলেন। দেশ বা জাতিকে বিভক্ত করে—এমন সব বক্তব্য ও কর্মকাণ্ডের তিনি দৃঢ় বিরোধিতা করতেন।’ সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

উত্তরার অলিগলিতে ভিডিও করা চীনারা হঠাৎ উধাও

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

মাত্র ১৫৫ টাকায় দুই বেডরুমের ফ্ল্যাট কিনে চমকে দিলেন চীনের ব্যক্তি

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

পরকীয়ার কথা স্বীকার করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান

আরও পড়ুন

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ হবেই: জিনপিং

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ হবেই: জিনপিং

চীনের রপ্তানিতে চাঙা বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার

চীনের রপ্তানিতে চাঙা বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম