Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি

মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

ছবি: সংগৃহীত

Advertisement

মানুষের আমল যতই ভালো হোক না কেন, নিখাদ হিসেবে জান্নাতে প্রবেশের যোগ্যতা এককভাবে কারো হতে পারে না। জান্নাত হলো আল্লাহর একান্ত অনুগ্রহ ও দয়া। আমাদের আমলগুলো জান্নাতের মূল মূল্যের তুলনায় খুবই নগণ্য। প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) নিজেও সাহাবিদের এটি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে, কেবল ইবাদতের জোরে কেউ মুক্তি পাবে না, বরং তা আল্লাহর দয়ায় পাওয়া যাবে।

এ বিষয়ে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার অসীম দয়ার কথা চমৎকারভাবে ফুটে উঠেছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনাতেই লিখে রেখেছেন,—

إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي

‘নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধের ওপর জয়ী হয়েছে (বা আমার দয়া আমার রাগের চেয়ে বহুগুণ বেশি)। (বুখারি ৭৫৫৩, মুসলিম ২৭৫১)

এই একটিমাত্র হাদিস মুমিনের হৃদয়ে পরম আশার সঞ্চার করে। বান্দার হাজারো অপরাধের পরও যখন সে রবের দরবারে তওবা নিয়ে হাজির হয়, তখন রবের দয়া তার ক্ষমার হাত বাড়িয়ে দেয়।

কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রতিটি মানুষের হিসাব নেওয়া হবে নিখুঁত ন্যায়বিচারের ভিত্তিতে। মানুষ সারাজীবন যত ছোট-বড় পাপ বা অবহেলা করে, তার প্রাপ্য শাস্তি হলো জাহান্নাম। তাই আল্লাহ যদি কাউকে তার পাপের প্রতিদানস্বরূপ জাহান্নামও দেন, তবে তা হবে তার পরিপূর্ণ ইনসাফ বা ন্যায়বিচার। কারণ, বান্দা তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ে বরাবরই ত্রুটি করেছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইনসাফের এই অটলতার কথা ঘোষণা করে ইরশাদ করেছেন—

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا ۖ وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَى بِنَا حَاسِبِينَ

‘আর আমি কেয়ামতের দিন ন্যায়ভিত্তিক দাঁড়িপাল্লা স্থাপন করব। সুতরাং কারো প্রতি একটুও অবিচার করা হবে না। যদি কারো কর্ম সরিষার দানার পরিমাণও হয়, তবুও আমি তা উপস্থিত করব। আর হিসাব গ্রহণকারী হিসেবে আমিই যথেষ্ট।’ (সুরা আল-আম্বিয়া: আয়াত ৪৭)

শতভাগ বিচার ও দয়ার প্রকাশ

কেয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার নিখুঁত হিসাব নেওয়ার পরও কীভাবে দয়া প্রদর্শন করবেন, সে বিষয়ে একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী হাদিসে এসেছে। হজরত সাফওয়ান ইবনে মুহরিজ (রহ.) থেকে বর্ণিত—

بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا... قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يُدْنَى الْمُؤْمِنُ مِنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ، فَيُقَرِّرُ بِذُنُوبِهِ، فَيَقُولُ: أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا؟ فَيَقُولُ: رَبِّ أَعْرِفُ. قَالَ: فَإِنِّي سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ، فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ».

‘এক ব্যক্তি ইবনে ওমর (রা.)-কে জিজ্ঞাসা করলেন, আপনি নবীজি (সা.) থেকে ‘নাজওয়া’ (গোপন আলাপ) সম্পর্কে কী শুনেছেন? তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি— ‘কেয়ামতের দিন মুমিনকে তার রবের এত কাছাকাছি নিয়ে যাওয়া হবে যে, তিনি তার রহমতের চাদর তার ওপর ঝুলিয়ে দেবেন এবং তাকে তার পাপগুলো স্বীকার করাবেন। আল্লাহ বলবেন— ‘তুমি কি অমুক পাপের কথা জানো? তুমি কি অমুক পাপের কথা জানো?’ মুমিন বলবে, ‘হে আমার রব! আমি জানি।’ তখন আল্লাহ বলবেন, ‘আমি দুনিয়াতে তোমার এসব পাপ গোপন রেখেছিলাম এবং আজ আমি তা তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি।’ এরপর তাকে তার নেক আমলের আমলনামা প্রদান করা হবে।’ (বুখারি ২৪৪০, মুসলিম ২৭৬৮)

আশাবাদী মুমিন: নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই

পাপের অন্ধকারে ডুবে যাওয়ার পরও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া শয়তানের সবচেয়ে বড় প্রবঞ্চনা। মুমিনের বৈশিষ্ট্য হলো সে একদিকে যেমন আল্লাহর আজাবকে ভয় করবে, অন্যদিকে তার রহমতের চওড়া আঁচলের নিচে আশ্রয় খুঁজবে। বান্দা যখন বুঝতে পারে যে তার রবের দয়া রাগের ওপর প্রবল, তখন সে শত হতাশার মাঝেও নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পায়।

বান্দার তওবায় আল্লাহর আনন্দের মাধ্যমে দয়ার প্রকাশ

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তার অবারিত ক্ষমার সুসংবাদ দিয়ে বান্দাকে ডেকে বলেছেন—

قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ

‘হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ (পাপ করেছ), আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আয-যুমার: আয়াত ৫৩)

বান্দা যত বড় পাপই করুক না কেন, সে যখন অনুতপ্ত হয়ে রবের দিকে ফিরে আসে, তখন আল্লাহ এতটাই খুশি হন যে তা মানুষের ধারণারও বাইরে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ حِينَ يَتُوبُ إِلَيْهِ، مِنْ أَحَدِكُمْ كَانَ عَلَى رَاحِلَتِهِ بِأَرْضِ فَلاةٍ، فَانْفَلَتَتْ مِنْهُ رَاحِلَتُهُ...

‘তোমাদের কেউ মরুভূমিতে তার হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পর যতটা আনন্দিত হয়, বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে এলে আল্লাহ তার চেয়েও অনেক বেশি আনন্দিত হন।’ (বুখারি ৬৩০৯, মুসলিম ২৭৪৭)

সাগরের ফেনার চেয়েও বেশি পাপ ক্ষমা করার ঘোষণা

আল্লাহর রহমতের পরিধি এত বিশাল যে, বান্দার পাপ যদি সমুদ্রের ফেনার মতো অগণিতও হয়, তবুও রবের দয়ার দুয়ার তার জন্য খোলা থাকে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ سَبَّحَ اللَّهَ فِي دُبُرِ كُلِّ صَلاةٍ ثَلاثًا وَثَلاثِينَ... وَغَفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

‘যে ব্যক্তি প্রতি নামাজের শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার বলে... তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনার মতো বেশি হয়।’ (মুসলিম ৫৯৭)

আল্লাহর ক্ষমার কোনো শেষ নেই; বান্দা যতদিন বেঁচে থাকে এবং ক্ষমা প্রার্থনা করে, তিনি তাকে ক্ষমা করতেই থাকেন। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন যে আল্লাহ তাআলা কুদসি হাদিসে ইরশাদ করেন—

يَا ابْنَ آدَمَ، لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ، ثُمَّ اسْتَغْفَرْتَنِي، غَفَرْتُ لَكَ وَلا أُبَالِي، يَا ابْنَ آدَمَ، لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا، ثُمَّ لَقِيتَنِي لا تُشْرِكُ بِي شَيْئًا، لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً

‘হে আদম সন্তান! তোমার পাপ যদি আকাশ ছুঁয়ে ফেলে, এরপরও তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব এবং এতে আমার কোনো পরোয়া নেই। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী ভরাট অপরাধ নিয়ে আমার কাছে আসো, অথচ আমার সঙ্গে কোনো কিছু শরিক না করে আমার সঙ্গে সাক্ষাৎ কর, তবে আমি এর সমান ক্ষমা নিয়ে তোমার মুখোমুখি হব।’ (তিরমিজি ৩৫৪০)

তাহলে ভয় কোথায়? অপরাধ যত বেশি আর যত বড়ই হোক না কেন, মহান আল্লাহর রহমত তথা দয়া তারচেয়েও বড়। সুতরাং মহান রবের এ দয়ায় বান্দা ক্ষমা ও জান্নাত পেয়ে ধন্য হবে। তাই আসুন আল্লাহর দিকে ফিরে আসি। তার দয়া প্রার্থনা করি। যে দয়ায় মিলবে আল্লাহর অনুগ্রহ ও জান্নাত।

পরিশেষে বলা যায়, আল্লাহর ভয় মানুষকে অপরাধ থেকে দূরে রাখে আর তাঁর দয়া মানুষকে ভালো কাজের পথে টিকিয়ে রাখে। রবের বিচার যেমন সত্য, তেমনি তাঁর রহমতের সাগরও অতলস্পর্শী। তাই বিচার দিনের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণরূপে র সোপর্দ্দ করে দেওয়া এবং তার দয়ার ওপর ভরসা রাখাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। রবের এই অপার দয়ার কথা স্মরণ করে অন্তরের গভীর থেকে উচ্চারিত হয়—‘আলহামদুলিল্লাহ’।

লেখক: ইসলামিক স্কলার, মুফাচ্ছিরে কুরআন ও পীর সাহেব, শাজুলিয়া দরবার শরিফ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নিয়মিত কাজা করলে আদায় হবে কি?

কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নিয়মিত কাজা করলে আদায় হবে কি?

বেচাকেনায় মধ্যস্থতা করে সুবিধা গ্রহণের হুকুম ও সঠিক নিয়ম কী?

বেচাকেনায় মধ্যস্থতা করে সুবিধা গ্রহণের হুকুম ও সঠিক নিয়ম কী?

ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের কমিশন গ্রহণ কি জায়েজ?

ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের কমিশন গ্রহণ কি জায়েজ?

পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ: ইসলামের দৃষ্টিভঙ্গি ও শরয়ি বিধান কী?

পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ: ইসলামের দৃষ্টিভঙ্গি ও শরয়ি বিধান কী?

সুন্নতে খতনা উপলক্ষ্যে অনুষ্ঠান ও ভোজের আয়োজন জায়েজ কিনা?

সুন্নতে খতনা উপলক্ষ্যে অনুষ্ঠান ও ভোজের আয়োজন জায়েজ কিনা?

দুনিয়ার সংকট ও পরকালে অন্ধত্বে ভুগবে যারা

দুনিয়ার সংকট ও পরকালে অন্ধত্বে ভুগবে যারা

আরও পড়ুন

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

মানুষ কি আমলের বিনিময়ে জান্নাত পাবে?

কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নিয়মিত কাজা করলে আদায় হবে কি?

কোনো নির্দিষ্ট ওয়াক্তের নামাজ নিয়মিত কাজা করলে আদায় হবে কি?

বেচাকেনায় মধ্যস্থতা করে সুবিধা গ্রহণের হুকুম ও সঠিক নিয়ম কী?

বেচাকেনায় মধ্যস্থতা করে সুবিধা গ্রহণের হুকুম ও সঠিক নিয়ম কী?

ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের কমিশন গ্রহণ কি জায়েজ?

ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের কমিশন গ্রহণ কি জায়েজ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম