চার খণ্ডে হাজারো আলেমের জীবনী, প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
‘আকাবিরে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের জীবনকর্ম সংরক্ষণে প্রকাশিত হয়েছে চার খণ্ডের বৃহৎ জীবনীগ্রন্থ ‘আকাবিরে বাংলাদেশ’।
এতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার এক হাজারেরও বেশি মরহুম উলামা-মাশায়েখ, পীর ও বুযুর্গের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ডিসিসিসি হলে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির চার খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। মুফতি ইমরান হুসাইনের সংকলনায় এবং আনোয়ার লাইব্রেরির প্রকাশনায় গ্রন্থটি বাজারে এসেছে।
অনুষ্ঠানে দেশের বরেণ্য আলেম, লেখক, গবেষক ও বইপ্রেমীরা অংশ নেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে প্রথমবারের মতো বিভাগ ও জেলাভিত্তিক এত বৃহৎ পরিসরে আকাবিরে উলামায়ে কেরামের জীবনী সংকলন করা হয়েছে। চার খণ্ডের এ গ্রন্থে এক হাজারের বেশি আলেম, পীর ও বুযুর্গের জীবন, কর্ম ও অবদান স্থান পেয়েছে। এর মাধ্যমে দেশের ইসলামি ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুরের প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি হিফজুর রহমান। প্রধান অতিথি ছিলেন মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমীদুল মাওলা।
স্বাগত বক্তব্য দেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী। অনুষ্ঠান পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুফতি জাবের কাসেমী, মুফতি ফয়সাল আহমদ জালালাবাদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, মুফতি আবু মুহাম্মদ রাহমানি, মুফতি মহিউদ্দিন কাসেমী, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আবদুল গাফফার, মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।
