১০ বছর বয়সের পর দুই ভাই-বোন কি একই বিছানায় ঘুমাতে পারবে?
Advertisement
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন: দশ বছর বা তার বেশি বয়সী দুই ভাই-বোন কিংবা অন্য দুই ছেলে বা মেয়ে কি একই বিছানায় ঘুমাতে পারবে?
উত্তর: সন্তানের বয়স ১০ বছরে পৌঁছালে তাদের বিছানা পৃথক করে দেওয়ার নির্দেশ হাদিসে এসেছে। তাই ১০ বছর বা তার বেশি বয়সী দুই ভাই, দুই বোন কিংবা অন্য দুই ছেলে বা মেয়েকে একই বিছানায় ঘুমাতে না দিয়ে পৃথক বিছানার ব্যবস্থা করতে হবে।
হাদিস শরিফে এসেছে—
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ إِذَا بَلَغُوا سَبْعًا، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا إِذَا بَلَغُوا عَشْرًا، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ
অর্থ: তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদের নামাজের নির্দেশ দাও। আর দশ বছর বয়সে নামাজ না পড়লে তাদের শাসন করো এবং তাদের বিছানা পৃথক করে দাও। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫; মুসান্নাফে ইবনে আবি শাইবা, ১/৩০৪)
আল্লামা নাসিরুদ্দিন আলবানি (রহ.) বলেন, «سواء كانوا ذكورا أو اناثا فيجب التفريق بينهم جميعا سواء اتحد الجنس او اختلف»
অর্থ: শিশুরা ছেলে হোক বা মেয়ে, তাদের সবার বিছানা আলাদা করা ওয়াজিব। তাদের লিঙ্গ একই হোক বা ভিন্ন হোক—উভয় অবস্থাতেই বিছানা পৃথক করতে হবে। অর্থাৎ দুই ভাই, দুই বোন কিংবা ভাই-বোন—সবার ক্ষেত্রেই বিছানা আলাদা করার বিধান প্রযোজ্য। (মিশকাতুল বানী, খণ্ড ১, পৃষ্ঠা ১৮১)
অন্য একটি হাদিসে আবদুল মালিক ইবনে রাবি ইবনে সাবরাহ তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, সন্তানের বয়স সাত বছর হলে তার বিছানা আলাদা করে দিতে হবে। (সুনানে দারাকুতনি, হাদিস: ৮৮৬; আল-মুস্তাদরাক আলাস সহিহাইন, হাদিস: ৭২১)
ফাতাওয়া শামিতে উল্লেখ রয়েছে— «وَإِذَا بَلَغَ الصَّبِيُّ أَوِ الصَّبِيَّةُ عَشْرَ سِنِينَ يَجِبُ التَّفْرِيقُ بَيْنَهُمَا بَيْنَ أَخِيهِ وَأُخْتِهِ وَأُمِّهِ وَأَبِيهِ فِي الْمَضْجَعِ»
অর্থ: ছেলে বা মেয়ে ১০ বছর বয়সে উপনীত হলে ঘুমানোর বিছানায় তার ভাই, বোন, মা ও বাবার থেকে তাকে পৃথক রাখতে হবে। (ফাতাওয়া শামি, কিতাবুল হাজর ওয়াল ইবাহা, ৬/৩৮২)
যদিও বাবার সঙ্গে ছেলের এবং মায়ের সঙ্গে মেয়ের ঘুমানোর অবকাশ রয়েছে, তবে আলাদা বিছানার ব্যবস্থা করার সুযোগ থাকলে তা গ্রহণ করাই উচিত।
প্রয়োজনীয় নির্দেশনা
অতএব, ১০ বছর বা তার বেশি বয়সী দুই ভাই, দুই বোন কিংবা অন্য দুই ছেলে বা মেয়েকে একই বিছানায় না শুইয়ে পৃথক বিছানায় ঘুমানোর ব্যবস্থা করতে হবে।
তবে জায়গার সংকটের কারণে বড় একটি বিছানায় একাধিক ভাই বা বোনকে একসঙ্গে শোয়ানো বাধ্যতামূলক হয়ে পড়লে মাঝখানে বালিশ বা অন্য কোনো আড়াল দিয়ে তাদের শোয়ার জায়গা পৃথক করে দেওয়া উচিত।
সূত্র: মুসান্নাফে ইবনে আবি শাইবা, ১/৩০৪; সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫; ফাতাওয়া শামি, ৬/৩৮২; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ফতোয়া নম্বর: ১৪৫২/১৩৬৭।
উত্তর দিয়েছেন: মুফতি সফিউল্লাহ, উস্তাযুল হাদিস, জামিয়া মিফতাহুল উলূম, নেত্রকোনা।


