প্যান্ট টাখনুর নিচে থাকলে কি নামাজ কবুল হবে?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পুরুষের পোশাক টাখনুর নিচে ঝুলিয়ে পরার বিষয়ে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। প্যান্ট, পাজামা কিংবা লুঙ্গি— যেকোনো পোশাক ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে পরাকে কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করেছেন ইসলামি আলেমরা। তবে এমন পোশাক পরে নামাজ আদায় করলে নামাজ হবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে এক পাঠকের প্রশ্নের জবাবে ইসলামি আলোচনায় বলা হয়েছে, কোনো পুরুষ ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে প্যান্ট, পাজামা বা লুঙ্গি ঝুলিয়ে নামাজ আদায় করলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। তবে এ কারণে নামাজ পুনরায় আদায় করতে হবে না।
হাদিসে টাখনুর নিচে কাপড় পরার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে, তা জাহান্নামে যাবে।’ (সহিহ বুখারি : ৫৭৮৭)।
এ ছাড়া আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি বর্ণনায় নামাজের সময় টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখার বিষয়ে আপত্তি জানানো হয়েছে। (আলমুজামুল কাবির : ৯৩৬৮)।
অন্যদিকে, কেউ ভুলবশত টাখনুর নিচে কাপড় রেখে নামাজ আদায় করলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে না। তবে বিষয়টি মনে পড়ার সঙ্গে সঙ্গেই কাপড় টাখনুর ওপর তুলে নিতে হবে।
ইসলামি ফিকহের গ্রন্থ হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর (৪/১৭৭) এবং ফতোয়া মাহমুদিয়াতেও (৬/৬৫৪) এ বিষয়ে আলোচনা রয়েছে।
