ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান সময়ে অনেকেই মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। যাতায়াতের পথে কিংবা অবসর সময়ে সহজে কুরআন পড়ার সুযোগ থাকায় দিন দিন এ অভ্যাস বাড়ছে। তবে মোবাইল দেখে কুরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামি আলেমদের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করলেও সওয়াব পাওয়া যাবে। তবে মোবাইলের পরিবর্তে মুদ্রিত কুরআন শরিফ বা মুসহাফ দেখে পড়া উত্তম। এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মুহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।
তিনি জানান, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত রয়েছে। মুসহাফ হাতে নিয়ে তিলাওয়াত করা, আয়াতের দিকে তাকানো এবং তা নিয়ে চিন্তাভাবনার সুযোগ তৈরি হয়। এসব বিষয় কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিলাওয়াতের গুরুত্ব বাড়ায়। তবে কেউ মোবাইল ফোনে কুরআন পড়লে আল্লাহর রহমতে তিনিও সওয়াব পাবেন বলে আশা করা যায়। তাই মুদ্রিত কুরআন কাছে না থাকলে মোবাইলের মাধ্যমে তিলাওয়াত করতেও বাধা নেই।
এ বিষয়ে ফতোয়ায় বলা হয়েছে, মোবাইলের স্ক্রিনে যখন কুরআনের আয়াত দৃশ্যমান থাকে, তখন স্ক্রিনের ওই অংশকে কুরআনের পাতার মতো গণ্য করা হয়। ফলে অজু ছাড়া সরাসরি আয়াত দৃশ্যমান অংশ স্পর্শ করা জায়েজ নয়। তবে মোবাইলের বডি বা ফ্রেম স্পর্শ করতে অজুর প্রয়োজন নেই।
ফতোয়ায় আরও বলা হয়েছে, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই তার জন্য বেশি উপযোগী হতে পারে।
এ বিষয়ে পাকিস্তানের জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউনের একটি ফতোয়াতেও মুসহাফ দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।
