Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি

মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

ছবি: সংগৃহীত

Advertisement

একটি গাছের ছায়ায় সামান্য বিশ্রাম, তারপর আবার যাত্রা। দুনিয়ার জীবনের সঙ্গে মানুষের অবস্থান বোঝাতে রাসুলুল্লাহ (সা.) এমনই এক অসাধারণ উপমা দিয়েছেন। যে জীবনের পেছনে মানুষ ছুটছে, যে সম্পদ অর্জনে দিনরাত ব্যস্ত থাকছে, যে সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য পরকাল ভুলে যাচ্ছে, সেই জীবনই আসলে ক্ষণস্থায়ী। এখানে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসেনি। প্রত্যেকেই একদিন ফিরে যাবে তার প্রকৃত গন্তব্যে।

মানুষ দুনিয়াকে নিজের স্থায়ী ঠিকানা মনে করে। ঘরবাড়ি, অর্থ-সম্পদ, ক্ষমতা, সম্মান আর ভোগবিলাসের পেছনে ছুটতে ছুটতে অনেক সময় ভুলে যায়, তার এই জীবন খুবই সীমিত। অথচ মুমিনের দৃষ্টিতে দুনিয়া কোনো চূড়ান্ত গন্তব্য নয়; বরং আখিরাতের পথে একটি সাময়িক বিরতি। এখানে তার দায়িত্ব হলো সৎকর্মের মাধ্যমে পরকালের পাথেয় সংগ্রহ করা।

রাসুলুল্লাহ (সা.)-এর একটি সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ হাদিস আমাদের সেই বাস্তবতাই স্মরণ করিয়ে দেয়।

নবীজির (সা.) হাদিসের আলোকে দুনিয়ার জীবনের বাস্তবতা

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) একটি চাটাইয়ের ওপর ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পর তার শরীরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিল। সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমরা আপনার জন্য একটি নরম বিছানার ব্যবস্থা করলে কেমন হয়?’ জবাবে রাসুলুল্লাহ (সা.) বললেন—

مَا لِي وَمَا لِلدُّنْيَا، مَا أَنَا فِي الدُّنْيَا إِلَّا كَرَاكِبٍ اسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا

‘দুনিয়ার সঙ্গে আমার কী সম্পর্ক! দুনিয়াতে আমার অবস্থান তো এমন একজন আরোহীর মতো, যে একটি গাছের নিচে ছায়া গ্রহণ করল, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে গেল এবং গাছটিকে পেছনে ফেলে গেল।’ (তিরমিজি ২৩৭৭)

হাদিসটির প্রতিটি শব্দে রয়েছে গভীর জীবনদর্শন। একজন মুসাফির যেমন কোনো গাছের নিচে আশ্রয় নিয়ে সেটিকে নিজের স্থায়ী আবাস মনে করে না, তেমনি একজন মুমিনও দুনিয়াকে তার চূড়ান্ত ঠিকানা মনে করতে পারে না। মুসাফিরের কাছে গাছের ছায়া সাময়িক স্বস্তির জায়গা; তার আসল গন্তব্য আরও সামনে। ঠিক তেমনি দুনিয়ার জীবনও মানুষের জন্য একটি অস্থায়ী অবস্থান। এখানে সে কিছুদিন থাকবে, জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে, দায়িত্ব পালন করবে এবং একসময় সবকিছু পেছনে ফেলে চলে যাবে।

লক্ষ্য করার বিষয় হলো— রাসুলুল্লাহ (সা.) দুনিয়ার প্রতি মানুষের মোহের বিপরীতে নিজের জীবনকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। রাসুলুল্লাহ (সা.)-এর ইচ্ছা করলে সাহাবিরা আরামদায়ক বিছানার ব্যবস্থা করতে পারতেন। কিন্তু তিনি দুনিয়ার আরাম-আয়েশকে জীবনের প্রধান লক্ষ্য বানাননি। তার কাছে আখিরাতের প্রস্তুতিই ছিল মূল বিষয়।

কুরআনের আলোকে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব

পবিত্র কুরআনেও আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের প্রকৃত স্বরূপ অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। দুনিয়ার চাকচিক্য, সম্পদ, সন্তান-সন্ততি ও পার্থিব প্রতিযোগিতা যে ক্ষণস্থায়ী, তা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন—

اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ

‘তোমরা জেনে রাখো, পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, আমোদ-প্রমোদ, সাজসজ্জা, পারস্পরিক অহংকার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে একে অন্যের চেয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা।’

এরপর আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন বৃষ্টির মাধ্যমে উৎপন্ন ফসলের সঙ্গে। প্রথমে তা সতেজ ও সুন্দর হয়ে ওঠে। কৃষক তা দেখে আনন্দিত হয়। কিন্তু কিছুদিন পরই তা শুকিয়ে হলুদ হয়ে যায় এবং একসময় খড়কুটোয় পরিণত হয়। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন—

وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

‘আর পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়।’ (সুরা আল-হাদিদ: আয়াত ২০) 

এই আয়াত আমাদের সামনে দুনিয়ার জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরে। যে যৌবন নিয়ে মানুষ অহংকার করে, একসময় তা বার্ধক্যে রূপ নেয়। যে সম্পদ নিয়ে মানুষ গর্ব করে, একদিন তা অন্যের হাতে চলে যায়। যে সৌন্দর্য নিয়ে মানুষ মুগ্ধ থাকে, সময়ের ব্যবধানে তা মলিন হয়ে পড়ে। যে ক্ষমতা ও প্রভাবের কারণে মানুষ অন্যকে অবজ্ঞা করে, মৃত্যুর পর তার কোনো মূল্যই থাকে না।

অর্থাৎ দুনিয়ার কোনো অর্জনই স্থায়ী নয়। তাই এগুলোকে জীবনের চূড়ান্ত সাফল্য মনে করা বুদ্ধিমানের কাজ নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন—

وَمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ

‘এই পার্থিব জীবন তো খেলাধুলা ও আমোদ-প্রমোদ ছাড়া কিছুই নয়। আর আখিরাতের জীবনই প্রকৃত জীবন, যদি তারা জানত।’ (সুরা আল-আনকাবুত: আয়াত ৬৪) 

এ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার জীবন যতই আকর্ষণীয় মনে হোক, প্রকৃত ও স্থায়ী জীবন হলো আখিরাতের জীবন। সুতরাং বুদ্ধিমান সেই ব্যক্তি, যে সাময়িক জীবনের মোহে পড়ে চিরস্থায়ী জীবনকে বিসর্জন দেয় না।

রাসুলুল্লাহ (সা.) শুধু দুনিয়ার ক্ষণস্থায়িত্বের কথা বলেননি, বরং একজন মুমিনের জীবনযাপন কেমন হওয়া উচিত, সেটিও শিখিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একদিন তার কাঁধ ধরে বললেন—

كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ

‘তুমি দুনিয়াতে এমনভাবে থাকো, যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা পথ অতিক্রমকারী মুসাফির।’

এরপর ইবনে ওমর (রা.) বলতেন, সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা কর না এবং সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা কর না। তোমার সুস্থতা থেকে অসুস্থতার জন্য এবং জীবন থেকে মৃত্যুর জন্য পাথেয় সংগ্রহ কর। (বুখারি ৬৪১৬)

এই হাদিসে মুমিনের জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে। মুসাফির কখনো পথের সাময়িক অবস্থানকে স্থায়ী আবাস মনে করে না। সে জানে, তার যাত্রা শেষ হয়নি। তাই সে প্রয়োজনীয় পাথেয় সংগ্রহ করে এবং গন্তব্যের কথা মাথায় রেখে পথ চলে।

একজন মুমিনের জীবনও এমন হওয়া উচিত। সে দুনিয়ায় বসবাস করবে, মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে, জীবিকা উপার্জন করবে, পরিবারকে সময় দেবে এবং সমাজের কল্যাণে কাজ করবে। কিন্তু এসব করতে গিয়ে নিজের প্রকৃত গন্তব্যের কথা ভুলে যাবে না।

তার কাছে প্রতিটি সকাল একটি নতুন সুযোগ, প্রতিটি দিন একটি নতুন আমল করার সময় এবং প্রতিটি মুহূর্ত আখিরাতের পাথেয় সংগ্রহের সম্ভাবনা।

মনে রাখতে হবে, দুনিয়া ত্যাগ নয়, দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। দুনিয়াকে অস্থায়ী মনে করার অর্থ এই নয় যে, মানুষ সংসার ছেড়ে দেবে, জীবিকা উপার্জন বন্ধ করবে কিংবা পরিবার ও সামাজিক দায়িত্ব থেকে দূরে সরে যাবে। ইসলাম কখনো এমন জীবনদর্শন শেখায় না।

বরং ইসলাম শিক্ষা দেয়, দুনিয়ার জীবনকে আখিরাতের কল্যাণ অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে। হালাল উপার্জন, পরিবারের ভরণপোষণ, মানুষের সেবা, অসহায়ের পাশে দাঁড়ানো, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সৎকাজের প্রতিটি প্রচেষ্টাই ইবাদতে পরিণত হতে পারে, যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। আল্লাহ তাআলা বলেন—

وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا

‘আল্লাহ তোমাকে যা দান করেছেন, তার মাধ্যমে আখিরাতের আবাস অনুসন্ধান কর এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না।’ (সুরা আল-কাসাস: আয়াত ৭৭)

এ আয়াতেও দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রক্ষা করার শিক্ষা ওঠে এসেছে। তাই দুনিয়ার প্রয়োজন পূরণ করতে হবে, তবে আখিরাতের প্রস্তুতিকে অগ্রাধিকার দিতে হবে। সম্পদ অর্জন করতে হবে, কিন্তু সম্পদের দাস হওয়া যাবে না। পরিবারকে ভালোবাসতে হবে, কিন্তু সেই ভালোবাসা যেন আল্লাহর আনুগত্য থেকে দূরে সরিয়ে না দেয়।

মৃত্যুর স্মরণ মুমিনকে সঠিক পথে রাখে

মানুষ সাধারণত দীর্ঘ জীবনের স্বপ্ন দেখে। বাড়ি নির্মাণ করে, ভবিষ্যতের জন্য সম্পদ জমায়, নানা পরিকল্পনা করে। কিন্তু সে জানে না, তার জীবনের শেষ দিনটি কখন। আগামীকাল সে বেঁচে থাকবে কি না, সেটিও তার অজানা। এ কারণেই মানুষকে উপদেশ দিয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ

‘তোমরা স্বাদ ও আনন্দ বিনষ্টকারী বিষয়টিকে (মৃত্যুকে) বেশি বেশি স্মরণ কর।’ (তিরমিজি ২৩০৭, নাসাঈ ১৮২৪)

মৃত্যুর স্মরণ মানুষকে হতাশ করার জন্য নয়; বরং জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য। যখন মানুষ উপলব্ধি করে যে, একদিন তাকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে, তখন তার অহংকার কমে আসে, অন্যের অধিকার নষ্ট করার প্রবণতা কমে এবং ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ে।

সে বুঝতে পারে, দুনিয়ায় তার প্রকৃত অর্জন কত টাকা রেখে গেল, কত বড় বাড়ি তৈরি করল কিংবা কত মানুষের ওপর প্রভাব বিস্তার করল, তা নয়। বরং সে কতটা সৎকর্ম করল, কতটা মানুষের উপকার করল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে কতটা সফল হলো, সেটিই হবে তার প্রকৃত সাফল্যের মাপকাঠি।

সবশেষে কী নিয়ে ফিরব আমরা?

একজন মুসাফির যখন দীর্ঘ সফরে বের হয়, তখন সে প্রয়োজনীয় পাথেয় সঙ্গে রাখে। পথের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গন্তব্যের কথা ভুলে যায় না। কারণ সে জানে, সফর শেষে তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। আমাদের জীবনও একটি সফর। পার্থিব জীবনের প্রতিটি দিন আমাদের সেই গন্তব্যের আরও কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই গন্তব্যের জন্য প্রস্তুতি নিচ্ছি?

আমরা ঘরবাড়ি সাজাতে ব্যস্ত, কিন্তু কবরের প্রস্তুতি কতটুকু? সম্পদ বাড়াতে ব্যস্ত, কিন্তু নেক আমলের ভান্ডার কতটুকু সমৃদ্ধ করছি? মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য কত আয়োজন, অথচ আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কতটুকু চেষ্টা করছি?

মনে রাখতে হবে, মৃত্যুর সময় কেউ তার সম্পদ, পদমর্যাদা, খ্যাতি কিংবা প্রিয়জনদের সঙ্গে নিয়ে যেতে পারবে না। দুনিয়ার সব আয়োজন পেছনে পড়ে থাকবে। সঙ্গে যাবে শুধু নিজের আমল।

তাই প্রতিটি দিনকে কাজে লাগানো জরুরি। তওবা, ইস্তিগফার, নামাজ, কুরআন তিলাওয়াত, মানুষের হক আদায়, দান-সদকা এবং নেক আমলের মাধ্যমে আখিরাতের পাথেয় সংগ্রহ করতে হবে। কারও প্রতি জুলুম থাকলে তা থেকে ফিরে আসতে হবে, কারও অধিকার নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিতে হবে।

গন্তব্য যেন ভুলে না যাই

রাসুলুল্লাহ (সা.)-এর গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া মুসাফিরের উপমাটি আমাদের জীবনের জন্য এক অনন্য শিক্ষা। দুনিয়া আমাদের চূড়ান্ত ঠিকানা নয়, বরং একটি সাময়িক অবস্থান। এখানে আমাদের আগমন যেমন নির্দিষ্ট সময়ের জন্য, প্রস্থানও তেমনি অবধারিত।

অতএব, দুনিয়াকে ভালোবাসা যাবে, তবে দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। সম্পদ অর্জন করা যাবে, তবে সম্পদের অহংকার করা যাবে না। সুখ-স্বাচ্ছন্দ্য উপভোগ করা যাবে, তবে আল্লাহর বিধান ও মানুষের অধিকার বিসর্জন দিয়ে নয়।

একজন সফল মুসাফির সেই ব্যক্তি, যে পথের সাময়িক সৌন্দর্যে মুগ্ধ হয়ে গন্তব্য ভুলে যায় না; বরং প্রতিটি মুহূর্তে গন্তব্যে পৌঁছানোর প্রস্তুতি নেয়। আমাদের জীবনও যেন এমন হয়। দুনিয়ার সাময়িক ছায়ায় অবস্থান করলেও হৃদয়ে যেন থাকে আখিরাতের চিন্তা, আমলে থাকে আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা এবং প্রতিটি পদক্ষেপে থাকে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা। কারণ, আমরা কেউই দুনিয়ায় স্থায়ী বাসিন্দা নই; আমরা সবাই আখিরাতের পথে একেকজন ক্ষণিকের মুসাফির।

লেখক: ইসলামিক স্কলার, মুফাচ্ছিরে কুরআন ও পীর সাহেব, শাজুলিয়া দরবার শরিফ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে কী বলে?

মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে কী বলে?

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

কবর পাকা করা কি জায়েজ, ইসলামে কী নির্দেশনা রয়েছে?

কবর পাকা করা কি জায়েজ, ইসলামে কী নির্দেশনা রয়েছে?

কাবা শরিফের আঙিনায় যেসব স্থানে দোয়া কবুল হয়

কাবা শরিফের আঙিনায় যেসব স্থানে দোয়া কবুল হয়

মৃত্যুর পর স্বামী-স্ত্রী কি একে অপরকে গোসল করাতে পারেন?

মৃত্যুর পর স্বামী-স্ত্রী কি একে অপরকে গোসল করাতে পারেন?

ধূমপানের গন্ধ মুখে নিয়ে মসজিদে যাওয়া যাবে কি?

ধূমপানের গন্ধ মুখে নিয়ে মসজিদে যাওয়া যাবে কি?

আরও পড়ুন

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে কী বলে?

মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে কী বলে?

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

কবর পাকা করা কি জায়েজ, ইসলামে কী নির্দেশনা রয়েছে?

কবর পাকা করা কি জায়েজ, ইসলামে কী নির্দেশনা রয়েছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম