Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

শীতকালকে ইবাদতের মৌসুম বানানোর ৮ উপায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

শীতকালকে ইবাদতের মৌসুম বানানোর ৮ উপায়

ছবি: সংগৃহীত

Advertisement

শীতকাল শুধু প্রকৃতির পরিবর্তনের ঋতু নয়, একজন মুমিনের জন্য ইবাদতের সুযোগ বাড়ানোরও উপযুক্ত সময়। এ সময় রাত দীর্ঘ হওয়ায় তাহাজ্জুদ আদায়ের সুযোগ পাওয়া যায়। অন্যদিকে দিন ছোট থাকায় নফল রোজা রাখাও তুলনামূলক সহজ। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অজুর ক্ষেত্রে সতর্ক থাকা এবং আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে শীতকালকে আরও অর্থবহ করে তোলা সম্ভব।

ইসলামের বিভিন্ন নির্দেশনা ও হাদিসে শীতকালে ইবাদত-বন্দেগি এবং মানবিক দায়িত্ব পালনের গুরুত্ব উঠে এসেছে। এ সময় একজন মুমিন যেসব আমলের প্রতি বিশেষ মনোযোগ দিতে পারেন, তার মধ্যে রয়েছে আটটি বিষয়।

১. শীতার্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানো

শীতের সময় সবচেয়ে বেশি কষ্টে থাকেন দরিদ্র ও অসহায় মানুষ। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের কাছে শীত নিবারণের পর্যাপ্ত পোশাক থাকে না। তাই সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কম্বল, গরম কাপড় ও প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা ইসলামের মানবিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

অসহায় মানুষের কষ্ট লাঘব করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং সওয়াব অর্জনেরও একটি মাধ্যম। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে মুসলমান অন্য কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ রঙের পোশাক পরাবেন। খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন। পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন।’ (আবু দাউদ)


২. নফল রোজার মাধ্যমে ইবাদত বাড়ানো

শীতকালে দিনের দৈর্ঘ্য কম থাকায় রোজা পালন তুলনামূলক সহজ হয়। এ সুযোগ কাজে লাগিয়ে ফরজ রোজার কাজা আদায়ের পাশাপাশি নফল রোজা রাখা যেতে পারে। বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবারের রোজা কিংবা প্রতি মাসের তিনটি নফল রোজা পালনের অভ্যাস গড়ে তোলা সম্ভব।


শীতের রাত দীর্ঘ এবং দিন ছোট হওয়ায় এ সময়কে ইবাদতের বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিসে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে।’ (শুআবুল ইমান)

৩. তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা

রাতের নির্জনতায় আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার অন্যতম মাধ্যম তাহাজ্জুদ। শীতকালে রাত দীর্ঘ হওয়ায় ঘুমের সময় ঠিক রেখে শেষ রাতে জেগে এ নামাজ আদায়ের সুযোগ থাকে। নিয়মিত তাহাজ্জুদ পড়ার অভ্যাস একজন মুমিনের আত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের পথ সহজ করে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো। এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ, তথা প্রশংসিত স্থানে।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ৭৯)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ রাতের নামাজ তথা তাহাজ্জুদ।’ (সহিহ মুসলিম)

৪. ঠান্ডার মধ্যেও পরিপূর্ণভাবে অজু করা

শীতের সময় ঠান্ডা পানির কারণে অনেকেই অজুর ক্ষেত্রে তাড়াহুড়ো করেন। ফলে শরীরের কোনো কোনো অংশ যথাযথভাবে ধোয়া হয় না। অথচ নামাজের জন্য অজুর প্রতিটি অঙ্গ সঠিকভাবে ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে পায়ের গোড়ালি ধোয়ার বিষয়ে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কতা দিয়েছেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বর্ণনা করেন, এক সফরে কয়েকজন সাহাবি অজু করার সময় পা ঠিকভাবে না ধুয়ে শুধু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলেন। বিষয়টি দেখে রাসুলুল্লাহ (সা.) উচ্চস্বরে বলেন, ‘সর্বনাশ! গোড়ালির নিচের অংশের জন্য জাহান্নামের আগুন রয়েছে।’ তিনি কথাটি দুই বা তিনবার বলেন। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

তাই শীতের সময়ও অজুর প্রতিটি অঙ্গ ভালোভাবে ধোয়ার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

৫. বৈধ কারণ ছাড়া তায়াম্মুমের আশ্রয় না নেওয়া

শীতের ঠান্ডাকে অজুহাত বানিয়ে অজুর পরিবর্তে তায়াম্মুম করা উচিত নয়। পানি গরম করার ব্যবস্থা থাকলে কিংবা নিরাপদ পরিবেশে অজু ও গোসল করা সম্ভব হলে পানি ব্যবহার করেই পবিত্রতা অর্জন করতে হবে।

হাদিসে প্রচণ্ড শীতের মধ্যেও পরিপূর্ণ অজু করার ফজিলতের কথা উল্লেখ রয়েছে। তবে পানি ব্যবহারের কারণে অসুস্থতা বেড়ে যাওয়ার, শারীরিক ক্ষতি হওয়ার বা গুরুতর সমস্যার আশঙ্কা থাকলে শরিয়তের বিধান অনুযায়ী তায়াম্মুম করার সুযোগ রয়েছে।

অর্থাৎ, শীতের কারণে ইবাদতে অবহেলা নয়; বরং নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে শরিয়তের নির্দেশনা অনুসরণ করাই একজন মুমিনের দায়িত্ব।

৬. মোজার ওপর মাসেহের বিধান জেনে নেওয়া

শীতকালে পা ঠান্ডা থেকে রক্ষা করতে অনেকেই মোজা ব্যবহার করেন। এ সময় ইসলামের একটি সহজ বিধান হলো নির্দিষ্ট শর্ত পূরণ হলে চামড়ার মোজার ওপর মাসেহ করে অজু করা।

মোজার ওপর মাসেহ করার ক্ষেত্রে তা পবিত্র অবস্থায় পরা এবং টাখনু ঢেকে রাখাসহ প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয়। এ বিধানের সময়সীমা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসাফিরের জন্য তিন দিন ও তিন রাত এবং মুকিমের জন্য এক দিন ও এক রাত।’ (আবু দাউদ)

এ বিধান পালনের আগে মোজার ধরন ও মাসেহের শর্ত সম্পর্কে নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জেনে নেওয়া ভালো।

৭. শীতের পোশাককে আল্লাহর নিয়ামত মনে করা

মানুষের জীবনযাপনে পোশাকের গুরুত্ব অপরিসীম। শীতের সময় ঠান্ডা থেকে সুরক্ষা পেতে গরম পোশাক ব্যবহার করা আল্লাহর বিশেষ নিয়ামতগুলোর একটি।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন। এতে তোমাদের জন্য আছে শীতবস্ত্রের উপকরণ।’ (সুরা নাহল, আয়াত : ৫)

রাসুলুল্লাহ (সা.) নিজেও শীতের সময় গরম পোশাক পরিধান করতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, একদিন সকালে রাসুলুল্লাহ (সা.) বের হয়েছিলেন। তখন তাঁর গায়ে কালো পশমের একটি চাদর ছিল। (আবু দাউদ)

তাই শীতের পোশাক ব্যবহারের পাশাপাশি এ নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। একই সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত পোশাক থাকলে তা অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যেতে পারে।

৮. আল্লাহর দেওয়া খাবার ও নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা

শীতকালে বিভিন্ন ধরনের মৌসুমি ফল, শাকসবজি ও খাদ্যসামগ্রী পাওয়া যায়। এসবই মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বিশেষ নেয়ামত। খাবার গ্রহণের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং খাদ্যের অপচয় থেকে বিরত থাকা একজন মুমিনের দায়িত্ব।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে তার খাবারের দিকে গভীরভাবে লক্ষ করার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ করুক। আমি তো অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করেছি। এরপর মাটিকে বিদীর্ণ করেছি। আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি, আঙুর, শাকসবজি, জলপাই, খেজুর, বহু বৃক্ষবিশিষ্ট বাগান, ফলফলারি ও ঘাস। এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবনধারণের জন্য।’ (সুরা আবাসা, আয়াত : ২৪-৩২)

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাত জাগা নিয়ে যে সতর্কবার্তা দিয়েছেন মহানবী (সা.)

রাত জাগা নিয়ে যে সতর্কবার্তা দিয়েছেন মহানবী (সা.)

নামাজে অজু আছে কিনা সন্দেহ জাগলে কী করবেন?

নামাজে অজু আছে কিনা সন্দেহ জাগলে কী করবেন?

বিপদ কি সত্যিই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ?

বিপদ কি সত্যিই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ?

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

দুনিয়ার জীবন নিয়ে নবীজির (সা.) অসাধারণ উপমা!

মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে কী বলে?

মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে কী বলে?

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

শরীরে ট্যাটু থাকলে কি অজু হবে?

আরও পড়ুন

শীতকালকে ইবাদতের মৌসুম বানানোর ৮ উপায়

শীতকালকে ইবাদতের মৌসুম বানানোর ৮ উপায়

রাত জাগা নিয়ে যে সতর্কবার্তা দিয়েছেন মহানবী (সা.)

রাত জাগা নিয়ে যে সতর্কবার্তা দিয়েছেন মহানবী (সা.)

মসজিদে জিরানা: যে কারণে স্মৃতি বিজড়িত মক্কার এ পবিত্র স্থান

মসজিদে জিরানা: যে কারণে স্মৃতি বিজড়িত মক্কার এ পবিত্র স্থান

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

কুরআনের যে ৩০ আয়াত পাঠে মিলবে জীবনের নানাবিধ সমাধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম