লিভার সিরোসিসে মৃত্যু বলি প্রযোজকের, যেসব লক্ষণ দেখে সতর্ক হবেন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লিভারের রোগের সঙ্গে লড়াইয়ের অবসান হলো। চলে গেলেন বলিউড প্রযোজক পহলাজ নিহলানি।তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিন্তু কিছু দিন আগে লিভার সিরোসিসও ধরা পড়ে তার। গত চার মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সাবেক চেয়ারম্যান পহলাজ নিহলানি। গত এক মাসে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুধবার (৪ জুন) মুম্বাইয়ের একটি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছরের এ বলি প্রযোজক।
লিভার বা যকৃত আপনার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। খাবার হজম করতে, বিষাক্ত উপাদান ছেঁকে বার করতে এবং বিপাকীয় স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে লিভার। তবে অতিরিক্ত চর্বি জমা, অ্যালকোহল সেবন কিংবা সংক্রমণের কারণে লিভার বারবার ক্ষতিগ্রস্ত হলে সেখানে ক্ষত বা দাগ তৈরি হতে পারে, যাকে সিরোসিস বলা হয়।
লিভারের শেষ পর্যায়ের রোগ হিসেবে দেখা হয় এটিকে। এ রোগে লিভারের ভালো কোষগুলো নষ্ট হয়ে স্থায়ী ক্ষত তৈরি হয়। ফলে লিভার আর আগের মতো ঠিকভাবে কাজ করতে পারে না। ত্বকে ক্ষত হলে তা যেমন ধীরে ধীরে সেরে যায়, লিভারের এই ক্ষত বা সিরোসিস কখনো পুরোপুরি নিরাময় হয় না। ফলে লিভারে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ধীরে ধীরে এক সময়ে গোটা অঙ্গই অকেজো হয়ে পড়ে এ রোগে। আগে কেবল অ্যালকোহল সেবনকেই দোষ দেওয়া হতো, কিন্তু পরবর্তী সময়ে এ রোগ আরও একাধিক কারণে ক্ষতিগ্রস্ত হয়।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে রোগটিকে শনাক্ত করবেন—
প্রথম দিকে এই রোগের কোনো লক্ষণ টের পাওয়া যায় না। তবে রোগের তীব্রতা বাড়লে নানাবিধ সমস্যা চোখে পড়ে। যেমন—
* খিদে কমে যাওয়া এবং ভীষণ ক্লান্ত লাগা
* হঠাৎ ওজন কমে যাওয়া
* জন্ডিস (চোখ ও প্রস্রাব হলুদ হওয়া)
* পেট ও পায়ে পানি জমে ফুলে যাওয়া
* শরীরের নানা জায়গায় চুলকানি
* পেটে হালকা অস্বস্তি
* ঘন ঘন সংক্রমণ হওয়া
সিরোসিস হলে তা আর কেবল লিভারের রোগ হিসেবে চিহ্নিত হয় না। সর্বোপরি স্বাস্থ্যের অবনতি হয়। ক্ষতিগ্রস্ত হয় রক্ত চলাচল পদ্ধতি, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং হজমক্ষমতা। কিন্তু এসব লক্ষণ টের পেলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

