রান্না করা খাবার কতক্ষণ ফ্রিজের বাইরে রাখা নিরাপদ?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্যস্ত জীবনে অনেকেই একসঙ্গে বেশি খাবার রান্না করে কয়েক দিন ধরে খাওয়ার জন্য ফ্রিজে সংরক্ষণ করেন। তবে রান্না করা খাবার ফ্রিজে রাখার আগে কতক্ষণ ঘরের তাপমাত্রায় রাখা নিরাপদ, তা জানা জরুরি। কারণ দীর্ঘ সময় বাইরে পড়ে থাকলে খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারে, যা খেলে খাদ্যে বিষক্রিয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
এক খাদ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, রান্না করা বা বেঁচে যাওয়া খাবার স্বাভাবিক ঘরের তাপমাত্রায় দুই ঘণ্টার বেশি রাখা উচিত নয়। খাবার সংরক্ষণের ক্ষেত্রে তা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ঠান্ডা রাখতে হবে। আর ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বেইন-মেরিতে রাখতে হবে। বেইন মেরি হল গরম জলের সাহায্যে খাবার গরম রাখার বিশেষ পদ্ধতি।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, ৪.৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ব্যাকটেরিয়া সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়। এ তাপমাত্রার পরিসরকে ‘ডেঞ্জার জোন’ বলা হয়। এ অবস্থায় খাবারে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বাড়তে পারে। ফলে দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রাখা খাবার খেলে খাদ্যে বিষক্রিয়া, বমি, ডায়রিয়া, পেটব্যথা ও জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে।
ইউএসডিএর পরামর্শ অনুযায়ী, সহজে নষ্ট হয় এমন খাবার রান্না বা কেনার দুই ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখা উচিত। তবে বাইরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এক ঘণ্টার মধ্যেই খাবার ঠান্ডা করে সংরক্ষণ করতে হবে।
বিশেষ করে ডিম, মাংস, পোলট্রি, মাছ, ভাত, শেলফিশ, চিংড়ি ও কাঁচা অঙ্কুরিত বীজের মতো খাবারে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে পারে। এসব খাবার দীর্ঘ সময় বাইরে রেখে খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
খাবারে থাকা ব্যাকটেরিয়া সবসময় চোখে দেখা যায় না, আবার খাবার নষ্ট হওয়ার গন্ধ বা স্বাদও সবসময় পরিবর্তিত নাও হতে পারে। তাই খাবার দেখতে বা গন্ধে ঠিক থাকলেই দীর্ঘ সময় বাইরে রাখার পর তা নিরাপদ—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।
খাবার নিরাপদ রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কয়েকটি পরামর্শ মেনে চলা জরুরি। কাঁচা খাবার ভালোভাবে রান্না করতে হবে এবং রান্না করা খাবার যত দ্রুত সম্ভব খেয়ে নিতে হবে। সম্ভব হলে একবারে যতটুকু প্রয়োজন, ততটুকুই রান্না করা ভালো।
এ ছাড়া কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখতে হবে, যাতে এক খাবার থেকে অন্য খাবারে জীবাণু ছড়িয়ে পড়তে না পারে। খাবার তৈরির আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। রান্না ও পান করার জন্য নিরাপদ পানি ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রান্না করা খাবার দীর্ঘ সময় টেবিলে রেখে পরে ফ্রিজে তুলে রাখা নিরাপদ পদ্ধতি নয়। দ্রুত ঠান্ডা করে সঠিকভাবে সংরক্ষণ করলেই খাবার নিরাপদ রাখার ঝুঁকি অনেকটাই কমানো যায়।

