টাকা নিয়ে ঝামেলা এড়াতে সম্পর্কের শুরুতে করুন এই ৫ আলোচনা
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভালোবাসার সম্পর্কে অর্থের প্রসঙ্গ অনেক সময় অস্বস্তিকর মনে হতে পারে। কে কত আয় করেন, কার কত ঋণ আছে কিংবা সংসারের খরচ কে কতটা বহন করবেন- এসব প্রশ্ন শুরুর দিকে তুলতে অনেকেই সংকোচ বোধ করেন। অথচ সময়ের সঙ্গে সম্পর্ক গভীর হলেই এসব বিষয়ই ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের কারণ হতে পারে।
তাই সম্পর্ক বিয়ের দিকে এগোনোর আগে কিংবা একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করার সময় অর্থ নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি। এতে শুধু আর্থিক পরিকল্পনাই সহজ হয় না, দুজনের প্রত্যাশা ও দায়িত্ববোধও স্পষ্ট হয়। সম্পর্কবিষয়ক একটি প্রতিবেদনে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ আলোচনার কথা তুলে ধরা হয়েছে।
আয়-ব্যয়ের হিসাবটা কেমন?
সঙ্গীর প্রতিটি লেনদেন জানার প্রয়োজন নেই। তবে দুজনেরই একে অপরের আর্থিক অবস্থার একটি পরিষ্কার ধারণা থাকা ভালো। মাসিক আয়, নিয়মিত খরচ, বিভিন্ন বিল, সাবস্ক্রিপশন, পরিবারের পেছনে ব্যয় এবং ব্যক্তিগত কেনাকাটার অভ্যাস- এসব বিষয় নিয়ে কথা বলা যেতে পারে।
একজন হয়তো হঠাৎ ঘুরতে যাওয়া বা বাইরে খাওয়াকে স্বাভাবিক মনে করেন, অন্যজন আবার প্রতিটি খরচ হিসাব করে করতে পছন্দ করেন। এই পার্থক্যগুলো আগে থেকে জানা থাকলে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
ঋণ আছে কি-না?
শিক্ষাঋণ, ক্রেডিট কার্ডের বকেয়া, ব্যক্তিগত ঋণ কিংবা অন্য কোনো আর্থিক দায়- এসব বিষয় সম্পর্ক গুরুতর হওয়ার পরও অদৃশ্য হয়ে যায় না। সঙ্গীর ঋণের দায় নিজের ওপর নিতেই হবে এমন নয়। তবে বিয়ে, বাড়ি কেনা কিংবা যৌথ আর্থিক পরিকল্পনার আগে এসব বিষয়ে দুজনেরই জানা থাকা দরকার। পরে হঠাৎ কোনো ঋণের বিষয় সামনে এলে সেটি শুধু অর্থনৈতিক সমস্যা নয়, বিশ্বাসের সংকটও তৈরি করতে পারে।
সংসারের খরচ
সব দম্পতির জন্য খরচ ভাগাভাগির একই নিয়ম প্রযোজ্য নয়। কেউ সমানভাবে ৫০-৫০ ভাগ করতে পারেন, কেউ আবার যার আয় বেশি তিনি বেশি খরচ বহন করতে পারেন। আবার কেউ পালা করে বিল দিতে পারেন কিংবা দুজন আলাদা হিসাব রেখে একটি যৌথ তহবিলে নির্দিষ্ট অর্থ জমা দিতে পারেন।
কোন পদ্ধতিটি ন্যায্য ও স্বস্তিদায়ক- সেটি দুজনের সম্মতিতে ঠিক করাই গুরুত্বপূর্ণ। নিজের অর্থনৈতিক অভ্যাসই সঙ্গীর কাছেও একই হবে ধরে নিলে পরবর্তী সময়ে ক্ষোভ তৈরি হতে পারে।
আর্থিক দায়িত্ব
বাবা-মা, ভাই-বোন কিংবা অন্য স্বজনকে নিয়মিত অর্থ সহায়তা করার দায়িত্ব অনেকেরই থাকে। কেউ হয়তো প্রতি মাসে পরিবারকে টাকা পাঠান, আবার কারও ক্ষেত্রে পরিবারের চিকিৎসা বা অন্য প্রয়োজনীয় খরচও বহন করতে হয়।
বিয়ের পর এই দায়িত্বগুলো কীভাবে চলবে, সংসারের বাজেটে তার প্রভাব কতটা পড়বে- এসব বিষয় আগে থেকেই আলোচনা করা ভালো। কারণ একজনের কাছে পরিবারের জন্য অর্থ ব্যয় করা স্বাভাবিক হলেও অন্যজনের প্রত্যাশা ভিন্ন হতে পারে।
ভবিষ্যতের সঞ্চয়
‘আরও বেশি সঞ্চয় করতে হবে’- শুনতে ভালো পরিকল্পনা হলেও প্রশ্ন হলো, সেই সঞ্চয়ের লক্ষ্য কী? বাড়ি কেনা, বিয়ের খরচ, ভ্রমণ, জরুরি তহবিল, সন্তানের ভবিষ্যৎ কিংবা অবসরের পরের জীবন- প্রতিটি লক্ষ্য অনুযায়ী সঞ্চয়ের ধরন ও পরিমাণ আলাদা হতে পারে।
দুজনের আর্থিক লক্ষ্য এক হতে হবে এমন নয়। তবে সেই লক্ষ্যগুলো একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব কি-না, তা জানা জরুরি। শেষ পর্যন্ত অর্থ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুধু ব্যাংকে কত টাকা আছে তা নিয়ে নয়; বরং দুজন মিলে কেমন জীবন গড়তে চান, সেটি নিয়েও।
