কয়টি জেলা ঘুরেছেন? ফেসবুকে ম্যাপ শেয়ারের ট্রেন্ডের নেপথ্যে কী
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুকে ঢুকলেই চোখে পড়ছে বাংলাদেশের মানচিত্র। তবে সাধারণ মানচিত্র নয়- কেউ দেখাচ্ছেন ১০টি জেলা ঘুরেছেন, কারও ম্যাপে ৩০টি জেলা, আবার কারও দাবি ৬৪ জেলার ভ্রমণই শেষ। নিজের ঘুরে দেখা জেলার মানচিত্র তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার এই প্রবণতা গত কয়েক দিনে বেশ সাড়া ফেলেছে।
এই ট্রেন্ডের পেছনে রয়েছে ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি ইন্টার্যাকটিভ ওয়েব প্ল্যাটফর্ম। সেখানে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ব্যবহারকারী যেসব জেলায় ভ্রমণ করেছেন, সেগুলো নির্বাচন করে নিজের একটি ডিজিটাল ভ্রমণ মানচিত্র তৈরি করতে পারেন। পরে সেটি ছবি বা পিডিএফ আকারে ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যায়।
যেভাবে তৈরি হচ্ছে ভাইরাল ম্যাপ
প্ল্যাটফর্মটিতে প্রবেশ করলে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার তালিকা ও ইন্টার্যাকটিভ মানচিত্র দেখা যায়। ব্যবহারকারী তালিকা থেকে, সার্চ করে অথবা সরাসরি মানচিত্রে ক্লিক করে নিজের ভ্রমণ করা জেলাগুলো বেছে নিতে পারেন।
জেলা নির্বাচন শেষ হলে মোট কতটি জেলা ঘোরা হয়েছে, তার হিসাবও দেখায় প্ল্যাটফর্মটি। এরপর রয়েছে বিভিন্ন থিম বেছে নেওয়ার সুযোগ। নিজের নাম ও ছবি যোগ করে ম্যাপটিকে আরও ব্যক্তিগত করে নেওয়া যায়। তৈরি করা ম্যাপ পিএনজি, জেপিজে বা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যায়। ফলে কয়েকটি ক্লিকেই তৈরি হয়ে যাচ্ছে ব্যক্তিগত ভ্রমণের একটি দৃশ্যমান হিসাব। সেটি ফেসবুকে পোস্ট করার পর অন্যরাও নিজেদের ভ্রমণ-অভিজ্ঞতার সঙ্গে তুলনা করছেন। একেকজনের ম্যাপে একেক রকম জেলার চিত্র থাকায় তৈরি হচ্ছে স্বাভাবিক কৌতূহলও।
শুধু হিসাব নয়, ভ্রমণ পরিকল্পনাও
‘আনসিন বাংলাদেশ’ শুধু কত জেলা ঘোরা হয়েছে, সেই হিসাব রাখার প্ল্যাটফর্ম নয়। সেখানে ৬৪ জেলার ২৪০টির বেশি দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। কোনো জেলা নির্বাচন করলে সংশ্লিষ্ট এলাকার দর্শনীয় স্থান, যাতায়াত, আনুমানিক খরচ ও থাকার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া যায়।
এ ছাড়া রয়েছে ‘ট্রিপ প্লানার’। এতে কোথা থেকে যাত্রা শুরু হবে, কোন কোন জেলায় যাওয়া হবে, কত দিনের ভ্রমণ এবং বাজেট কত- এসব তথ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা সাজানোর সুযোগ রয়েছে। কম দূরত্বের রুট অনুযায়ী জেলার ক্রম সাজানোর সুবিধাও রাখা হয়েছে।
দেশের জেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের হিসাব রাখার ব্যবস্থাও রয়েছে প্ল্যাটফর্মটিতে। ১৯৫টি দেশ ও ছয় মহাদেশের মানচিত্র ব্যবহার করে একইভাবে বিশ্বভ্রমণের একটি ভিজ্যুয়াল হিসাব তৈরি করা যায়।
যে ভাবনা থেকে তৈরি
প্ল্যাটফর্মটির নির্মাতা মো. সাব্বির হোসেন রবিন। নিজের ভ্রমণের অভিজ্ঞতা থেকেই এমন একটি মানচিত্র তৈরির ধারণা আসে তার। নতুন কোনো জেলা ঘুরে আসার পর সেটিকে বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত করে রাখার ইচ্ছা থেকেই শুরু হয় কাজটি।
তার বক্তব্য অনুযায়ী, নতুন কোনো জায়গায় ভ্রমণের আগে যাতায়াত, দর্শনীয় স্থান ও অন্যান্য তথ্য খুঁজতে বিভিন্ন উৎস ঘাঁটতে হতো। সেই অভিজ্ঞতা থেকেই ভ্রমণসংক্রান্ত তথ্য এক জায়গায় আনার উদ্যোগ নেন তিনি।
শুরুতে নিজের প্রয়োজনেই তৈরি করা প্ল্যাটফর্মটি পরে বন্ধুদের পরামর্শে অন্যদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরপর ভ্রমণবিষয়ক বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। এখন অনেকেই নিজেদের ভ্রমণের হিসাব দেখাতে তৈরি করছেন একই ধরনের ম্যাপ।
কেন এত দ্রুত ছড়াল?
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ার বড় কারণ হলো এতে ব্যক্তিগত পরিচয় ও অংশগ্রহণের সুযোগ থাকে। একজনের ম্যাপ দেখে অন্যজনও নিজের ভ্রমণের হিসাব মিলিয়ে দেখতে পারেন। ফলে এটি শুধু তথ্যভিত্তিক পোস্ট না থেকে এক ধরনের সামাজিক অংশগ্রহণের ট্রেন্ডে পরিণত হয়েছে। কারও ম্যাপে কম জেলা, কারও বেশি- এই তুলনাও তৈরি করছে নতুন আগ্রহ। আবার যেসব জেলা এখনো ভ্রমণ করা হয়নি, সেগুলো নিয়ে ভবিষ্যৎ ভ্রমণের পরিকল্পনাও করছেন অনেকে।

-6ac4c95c73a23.jpg)