পাহাড়ের চূড়ায় লেক আর মেঘের দেশে পর্বতশৃঙ্গ ভ্রমণের গল্প
সাদিকুল নিয়োগী পন্নী
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এক.
ফিনল্যান্ডে অবিবাহিতদের বিনা খরচে ভ্রমণের বিজ্ঞপ্তি তখনও প্রকাশিত হয়নি। যে কারণে আমরা স্বঘোষিত চিরকুমার নাঈম ভাইয়ের তত্ত্বাবধানে লেক ও পর্বত দেখার সুযোগ পেয়েছিলাম। আজকাল তার সঙ্গে কোথাও যেতে চাওয়ার মনোভাব প্রকাশ করলে তিনি রেগে বলেন, আপনারা চান না আমি ফিনল্যান্ড যাই। নিজেরা তো বিয়ে করে বসে আছেন।
দেশে প্রেমিকা জুটাতে না পারা এই ভাইটি যখন বিদেশে যেতে চাচ্ছেন নারীর টানে, তখন তাকে বাধা দেওয়ার ইচ্ছে আমাদের নেই। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কয়েক দিন আগের ভ্রমণ নিয়ে। দেশের সর্বোচ্চ উচ্চতায় সাধু পানি হ্রদ এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।
দুই.
মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে বাস ছাড়ল। আমাদের দলে মোট ৯ জন। একমাত্র নাঈম ভাই ছাড়া কারও সঙ্গে আমার পরিচয় নেই। দলের সদস্যসংখ্যা বিজোড় হওয়ায় আমাকে বসতে হলো অন্য যাত্রীর সঙ্গে। ঢাকার রাস্তা পার হওয়ার পর বেশ কয়েকবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখ বন্ধ করতে মনে হলো বাস বাতাসের গতিতে এগিয়ে যাচ্ছে। সড়কপথে বিমানের অনুভূতি থাকায় আতঙ্কে ঘুমাতে পারিনি।
বুধবার ভোর ৫টার দিকে বাস পৌঁছাল চট্টগ্রামের কেরানীহাটে। সেখান থেকে দুটি সিএনজি নিয়ে চলে গেলাম বান্দরবান শহরে। একটা হোটেলে সকালের নাস্তা সেরে আগে থেকে ঠিক করে রাখা চাঁদের গাড়িতে (চান্দের গাড়ি) চড়ে আমাদের যাত্রা শুরু হলো রুমার উদ্দেশ্যে। ওয়াই জংশনের কাছের চেকপোস্টে আমাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হলো। এই সুযোগে সবাই নিজেদের মতো ছবি তুলে নিলেন। তারপর আবার ছুটে চলা। কিছুদূর পর রুমা ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার। সেখানে explore-ruma.com ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরমে জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং নাম-ঠিকানা দিয়ে এন্ট্রি করতে হয়। প্রাপ্তবয়স্কদের জনপ্রতি এন্ট্রি ফি ৫০ টাকা। নাঈম ভাই সবার তথ্য দিয়ে বিকাশের মাধ্যমে এন্ট্রি ফি পরিশোধ করে প্রক্রিয়াটি সম্পন্ন করলেন। বেলা ১১টার দিকে পৌঁছালাম রুমা বাজারে। সেখান থেকে গাইডসহ সিরিয়াল থেকে চাঁদের গাড়ি নিয়ে রওনা দিতে হবে। নাঈম ভাই আনোয়ার নামে একজন গাইডকে ঠিক করলেন। তিনি গাড়ির জন্য সিরিয়াল দিলেন। পূজার ছুটি থাকায় পর্যটকদের উপচে পড়া ভিড়। সিরিয়াল থেকে জানানো হলো, গাড়ি আসতে আরও দেড় থেকে দুই ঘণ্টা লাগবে। গাইডকে সঙ্গে নিয়ে নাঈম ভাই রুমা বাজারের দিকে রওনা দিলেন। আমিও তাদের সঙ্গী হলাম। রাতে গ্রিল খাওয়ার জন্য মুরগি, মসলা ও মুড়ি-চানাচুরসহ প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়া হলো। বাজার শেষ করে ফিরেও গাড়ির কোনো খবর পাওয়া গেল না।
রুমা বাজারের খাবারের হোটেলে বসে সবাই গাড়ির জন্য অপেক্ষা করছি। এই হোটেলে বিচিত্র নিয়ম। খাবার অর্ডার না করলে মাথার ওপরের ফ্যান বন্ধ থাকে। গাড়ি আসতে দেরি হওয়ায় নাঈম ভাই সবার জন্য খাবারের ব্যবস্থা করলেন। অর্ডারের সঙ্গে সঙ্গে মাথার ওপরের ফ্যান ঘুরতে শুরু করল। খাওয়া যখন শেষ পর্যায়ে, তখন সিরিয়াল থেকে আমাদের গাড়ির খবর এলো। খাবার শেষ করে গাড়িতে উঠলাম সবাই।
রুমা থানার কাছে আরেকটা এন্ট্রি পয়েন্ট। যাবতীয় তথ্য দিয়ে এন্ট্রি শেষ করে গাড়ি ছুটে চলল বগালেকের দিকে।
বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার এবং রুমা থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বগালেকের অবস্থান। উইকিপিডিয়ার তথ্য মতে, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১ হাজার ২৪৬ ফুট। বাংলাদেশের ভূতাত্ত্বিকদের মতে, মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে এটি সৃষ্টি হয়েছে। অনেকে আবার ভূমিধসের কারণেও এটি সৃষ্টি হতে পারে বলে মত প্রকাশ করেছেন। এ ছাড়া এই লেক নিয়ে বম, মারমা, ম্রো, খুমি ও ত্রিপুরা জাতিগোষ্ঠীর মধ্যে পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে।
আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে গাড়ি সামনের দিকে এগিয়ে চলছে। বেলা ৩টার দিকে আমরা পৌঁছালাম বগালেকের এন্ট্রি পয়েন্টে। আনোয়ার ভাই এবং নাঈম ভাই আমাদের তথ্য দিয়ে এন্ট্রি শেষ করে গাড়ি নিয়ে গেলেন কটেজের সামনে। কাঠের তৈরি মাচাংয়ের দ্বিতীয় তলায় আমাদের থাকার ব্যবস্থা। রুমে ঢুকে ব্যাগ রেখে সবাই গেলাম বগালেকে গোসল করতে। নারী-পুরুষের জন্য আলাদা ঘাট। লেকের নীলাভ পানিতে তখন অসংখ্য পর্যটক গোসল করছিলেন। দশ-পনেরো মিনিট লেকের পানিতে অবস্থান করে ফিরে এলাম কটেজে। বিকেলে সবাই বের হলাম চারপাশের সৌন্দর্য উপভোগ করতে।
লেকের এন্ট্রি পয়েন্টের একটু সামনের রাস্তার অবস্থান দুটি খাড়া পাথরের পাহাড়ের মাঝ বরাবর। সেখানে যাওয়ার পর এক অপরূপ দৃশ্য চোখে পড়ল। দূরের পাহাড়ের সবুজ বৃক্ষরাজির মধ্য দিয়ে বিকেলে সূর্যের মিষ্টি আলো নিয়ন বাতির আলোর মতো মনে হচ্ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অসংখ্য পর্যটক সেখানে ভিড় করছেন। প্রকৃতির অপরূপ এই দৃশ্য মোবাইলের ক্যামেরায় বন্দি করতে সবাই ব্যস্ত হয়ে পড়লেন। কৌতূহলী মানুষের ছবি তোলার প্রতিযোগিতা দেখতে দেখতে সূর্যিমামা বিদায় জানিয়ে সবুজ পাহাড়ে লুকিয়ে গেল।
সন্ধ্যার পর গোটা এলাকা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে পড়ল। এলাকাটিতে বিদ্যুৎ নেই। রাত ১১টা পর্যন্ত থাকে সৌরবিদ্যুৎ। তাছাড়া রাত ৭টার পর কয়েক ঘণ্টার জন্য জেনারেটর চালানো হয়। লেকের পাড়ে একটা জায়গা সুন্দরভাবে আলোকসজ্জা করা ছিল। সেখানে আমাদের দলের সবাই গেলাম। বেশ সুন্দর ও নিরিবিলি পরিবেশ। রাত ৮টার দিকে আমরা কটেজের সামনে চলে এলাম। সেখানে আনোয়ার ভাই বারবিকিউয়ের আয়োজন করলেন। পুরো এলাকায় একমাত্র আমাদের এই আয়োজন ছিল। অন্যান্য পর্যটক বেশ আগ্রহ নিয়ে এই দৃশ্যের ছবি তুললেন। রাতের খাবার পরোটা আর বারবিকিউ। সবাই একসঙ্গে বসে খাওয়া-দাওয়া শেষ করে আবার ঘোরাফেরার জন্য বের হয়ে গেলাম। ইতোমধ্যে আমাদের নিজেদের মধ্যে আন্তরিকতা বেড়ে গেল। দলের কাউকে অপরিচিত মনে হচ্ছে না।
রাতে সুনসান নীরবতা। সহজেই ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা খেয়ে রওনা দেব কেওক্রাডংয়ের উদ্দেশ্যে।
তিন.
বৃহস্পতিবার ভোরে ঘুম ভেঙে গেল। একা রুম থেকে বের হয়ে গেলাম। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে অনেক পর্যটক চাঁদের গাড়িতে চড়ে রওনা দিলেন কেওক্রাডংয়ের দিকে। আমাদের তাড়া নেই। কেওক্রাডংয়ে আমরা রাত্রিযাপন করব। বগালেকে সকাল, দুপুর ও রাতের প্রকৃতি ভিন্ন রকম। সকালের প্রকৃতি বেশ কোমল, দুপুরে রৌদ্রোজ্জ্বল আর রাতে নীরবতা।
সকালে নাস্তা করার আগে রেজা ভাই বললেন, মেয়েরা কেমন সাজগোজ করে ছবি তুলছে। আমার মুখে পাকা দাড়ি উঁকি দিচ্ছে। শেভের জিনিসপত্র ছিল। শুধু আয়না প্রয়োজন।
আমি মোবাইলে নিজের চেহারা দেখে বললাম, ভাই, আমার কাছে ট্রিমার আছে। চলেন আয়নার সন্ধান করি।
তিন দোকানে ঘুরে আয়না না পেয়ে রিসোর্টের মালিকের শরণাপন্ন হলাম। অবশেষে পাওয়া গেল একটা ভাঙা আয়না। আমরা খুশিমনে তা নিয়ে লেকের ধারে চলে এলাম। পালাক্রমে দুজন শেভ করে নেমে গেলাম লেকের পানিতে। দ্বিতীয় দিনের মতো লেকের পানিতে গোসল করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।
তারপর বেশ সতেজ মনে ডিম খিচুড়ি খেয়ে রওনা দিলাম কেওক্রাডংয়ের দিকে। উঁচু-নিচু খাড়া পাহাড়ি ঢাল দিয়ে ছুটে চলছে চাঁদের গাড়ি। রাস্তার কয়েকটা বাঁক থেকে দূরের বগালেক শিল্পীর তুলিতে আঁকা তৈলচিত্রের মতো দৃশ্যমান হয়ে উঠল। আমাদের গাড়ি ধীরে ধীরে যতই ওপরের দিকে উঠছে, পাহাড়ের অপরূপ দৃশ্য ততই আমাদের বিমোহিত করছে। মনে হলো, দূরের আকাশ পাহাড়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এমন চোখজুড়ানো দৃশ্য দেখতে দেখতে সকাল সাড়ে ১০টার দিকে আমরা পৌঁছে গেলাম কেওক্রাডং। নাঈম ভাই গাইডকে নিয়ে চেকপোস্টে গেলেন এন্ট্রি করাতে। আমরা সেখানের একটা দোকান থেকে চা নিয়ে দূর আকাশে ভেসে বেড়ানো মেঘের খেলা দেখছিলাম। মুহূর্তের মধ্যে একঝাঁক মেঘ শিশিরের মতো আমাদের গা ভিজিয়ে দিল। কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম মেঘের রাজ্যে।
মেয়েদের জন্য পাহাড়ের চূড়ায় লালা গেস্ট হাউস আর আমাদের জন্য মাউন্টেন ভিউ রিসোর্ট আগে থেকেই ঠিক করা ছিল। আমাদের রুমের বারান্দা থেকে পুরো পাহাড়ের দৃশ্য দেখা যায়। বারান্দায় বসে পাহাড়ের এমন দৃশ্য দেখার সৌভাগ্য আগে কখনো হয়নি।
নাঈম ভাই জানালেন, দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমাদের নিয়ে যাবেন সুনসাংপাড়ায়।
আমরা বের হওয়ার জন্য যখন প্রস্তুত, তখন রেজা ভাইয়ের সাবেক বান্ধবী শিমুল আপা এসে তাকে কড়া ভাষায় বললেন, তুমি আসার পর থেকে এক জামাকাপড়েই আছ। এখন যদি পরিবর্তন না করো, তাহলে আমাদের সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই।
আপা চলে যাওয়ার পর আমি বললাম, ভাই, কী করবেন?
বান্ধবী বিয়ে করলে পাহাড়-সমুদ্র যেখানেই যান, চাপে থাকতে হবেই। এই বলে তিনি চাকরির প্রত্যাশী শিক্ষার্থীর মতো পরিপাটি হয়ে গেলেন। রেজা ভাইয়ের প্রভাব আমাদের মধ্যেও পড়ল। সাধ্যমতো সবাই পুরোনো পোশাক পরিবর্তন করে খাবার খেতে গেলাম।
মিষ্টি কুমড়ার সবজি আর পাহাড়ি গয়ালের মাংস বেশ সুস্বাদু ছিল। আমাদের এবারের গন্তব্য সুনসাংপাড়া। এই পথে যে একবার গিয়েছে, কেবল সেই বলতে পারবে তা কেমন ভয়ানক ও সুন্দর। চারদিকের অপরূপ সৌন্দর্যে যেমন মন ভরে যায়, তেমনি রোলার কোস্টারের মতো খাড়া-ঢালু পথে গাড়ি চলার সময় ভয়ে গলা শুকিয়ে যায়। এমন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা পৌঁছালাম সুনসাংপাড়ায়। বম জাতিগোষ্ঠীর এই পাড়াটি বেশ সুন্দরভাবে গোছানো। রাস্তার একপাশে সারি বেঁধে দোকান বসানো হয়েছে। পাহাড়ি ফল, লেবুর শরবত ও চা পাওয়া যায় এসব দোকানে। কিছুক্ষণ ঘোরাফেরা করে একটা দোকানে লেবুর শরবত ও রঙ চা খেয়ে উঠে গেলাম গাড়িতে। সূর্যাস্তের আগেই ফিরতে হবে কেওক্রাডং। সেখান থেকে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করব। ফেরার পথে এক জায়গায় গাড়ি থামানো হলো ফটোসেশনের জন্য। আমরা যখন কেওক্রাডংয়ে পৌঁছালাম, তখন সূর্য পশ্চিমাকাশে হেলে পড়েছে। সবাই দল বেঁধে বসে আছি। দেখতে দেখতে সূর্য রক্তিম বর্ণ ধারণ করে পাহাড়ের আড়ালে চলে গেল। সন্ধ্যার দিকে মৃদু হিম বাতাস বইছিল। মেঘের ভেলাও কয়েক দফা পাহাড়ের ওপর দিয়ে ভেসে চলে গেল।
রাতের আকাশ ছিল বেশ পরিষ্কার। চাঁদের আলো অনেকটা টিউব লাইটের আলোর মতো মনে হচ্ছিল। খাওয়া-দাওয়ার পর আমরা নিজেদের মতো ঘোরাফেরা করছি। হঠাৎ খেয়াল হলো, আমাদের সঙ্গে ইসরাত আপা ও সানজিদা আপা নেই। তাদের খুঁজে পাওয়া গেল সুনসাংপাড়ায় যে পথে গিয়েছিলাম, সেই পথে। সেখানে গাইড আনোয়ার ভাইয়ের সঙ্গে বসে তারা গল্প করছেন। আমরাও তাদের সঙ্গে যুক্ত হলাম। আনোয়ার ভাই ভালো গল্প বলতে পারেন। বাঘের পিঠে চড়ে পাহাড় ভ্রমণ কিংবা লেকের পানিতে হাঙরের পেট থেকে বের হয়ে আসার মতো গল্প বলে মানুষকে ঘোরের মধ্যে রাখার অদ্ভুত ক্ষমতা আছে তার।
চাঁদের আলোতে বসে আড্ডা আর ঘোরাফেরা করে মাঝরাতে সবাই রুমে চলে গেলাম। ভোরে ফেরার পালা।
চার.
শুক্রবার সকালে কেওক্রাডং থেকে চেক আউট হয়ে রওনা দিলাম রুমার উদ্দেশ্যে। কিছুদূর পরেই দার্জিলিংপাড়া। সেখানে একটি বাসায় আমাদের জন্য সকালের খাবারের আয়োজন করা আছে। আদা ফুলের ভর্তা, পুদিনা পাতার ভাজি ও মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে গরম গরম ভাত সবাই বেশ উপভোগ করলাম। বিশেষ আকর্ষণ ছিল ব্যাম্বু চিকেন।
ঘণ্টাখানেক ঘোরাফেরা শেষে আবার ছুটে চলা শুরু। পথে একটা জায়গায় গাড়ি থামানো হলো। পাহাড়ের এই সমতল জায়গা থেকে বগালেক দেখা যায়। দূর থেকে বগালেকের এ দৃশ্য দেখে মনে হলো, মনের মাধুরী মিশিয়ে কেউ পাহাড়ের বুকে সুইমিং পুল তৈরি করে রেখেছে।
বগালেকের চেকপোস্টে ফেরার তথ্য দিয়ে গাড়ি ছুটে চলল আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে।
ইশরাত আপা প্রথম দিন থেকেই লেক ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওয়াও ওয়াও করে আধপাগলের মতো হয়ে গিয়েছিলেন। বগালেকের পথ পার হওয়ার পর তার ওয়াও ওয়াও বলা যেমন বন্ধ হয়ে গেল, তেমন আমাদেরও মন খারাপ হয়ে গেল। এমন মনোরম পরিবেশ ছেড়ে চলে আসতে ইচ্ছে হচ্ছিল না কারও।
পথে মুনলাইপাড়ায় গাড়ি থামানো হলো। পর্যটকদের যাতায়াতকে কেন্দ্র করে এই পাড়ার দুই পাশে পাহাড়িদের হাতে বোনা বিভিন্ন পোশাক, মাফলার ও চাদরের দোকান বসানো হয়েছে। আছে বিভিন্ন ফলমূলসহ অন্যান্য জিনিসপত্রের দোকান। সেখান থেকে কেনাকাটা করে আবার যাত্রা শুরু। রুমা ফেরার পর সেখানে কোনো চাঁদের গাড়ি পাওয়া যায়নি। অবশেষে আরেকটি দলের সঙ্গে মিলে রিজার্ভ বাস নিয়ে চলে এলাম বান্দরবান শহরে।
দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়নি। সবাই ক্ষুধার্ত। সন্ধ্যায় দুপুর আর রাতের খাবার একসঙ্গে খেয়ে নিলাম। বাস ছাড়ার আগের সময়টুকুতে বান্দরবান শহর ঘুরে দেখা হলো। শনিবার ভোরে ফিরে এলাম চিরচেনা যান্ত্রিক শহর ঢাকায়।

